৬২ বছর পর শিল্পকলা একাডেমির মঞ্চ মাতালেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫১ এএম
Main News Image

বাংলাদেশের সীমানা ছাড়িয়েছেন অনেক আগেই, বাংলা ভাষায় অসংখ্য জনপ্রিয় গান যেমন উপহার দিয়েছেন তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে হয়েছেন কিংবদন্তি। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় সংগীত তারকা রুনা লায়লা গাইলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

রুনা লায়লা বাংলাদেশের সংগীত ভুবনের এক অনন্য দীপশিখা, যিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁর কণ্ঠে সংগীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, তা হয়ে উঠেছে সৌন্দর্যবোধ, মানবিকতা, আবেগ, প্রেম, দেশাত্মবোধ এবং সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা।

এই জীবন্ত কিংবদন্তি শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সংগীতের ভুবনে তাঁর অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে সম্মাননা প্রদান অনুষ্ঠানের। শুক্রবার সন্ধ্যা ৬:৩০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করা হয় এবং প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় তাঁর একক সংগীতানুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গেয়েছেন তিনি। অনুষ্ঠানে প্রাপ্ত অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।


পুরো অনুষ্ঠানে শুধু একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছিল- কেমন করে সাবলীলভাবে এসব গান গাইলেন, কেউ কেউ বলেছেন- রুনা লায়লার তুলনা রুনা লায়লাই। ক্যারিয়ারে কণ্ঠ থেকে তিনি যে সুর ছড়িয়েছেন, সেই সুরে তারুণ্যের উন্মাদনাই ফুটে উঠেছে। শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠার ৫৪ বছরের ইতিহাসে এটাই রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান।

দেশাত্মবোধক গান দিয়ে শুরু করেন রুনা লায়লা ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ অনুষ্ঠান। একে একে নিজের জনপ্রিয় দশটি গান পরিবেশন করেন। 

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সচিব কানিজ ফাতেমা।

মিলনায়তনের ভেতর ও বাইরে কানায় কানায় পূর্ণ আসরে তার প্রতিটি গানের পরিবেশনা শেষে নাট্যজন আফজাল হোসেনের উপস্থাপনায় দর্শক শ্রোতাদের মুহুর্মুহু করতালি ও করতালির মাধ্যমে গানের আবেদন শিল্পীকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছে।