জাতীয় খো খোতে আনসার চ্যাম্পিয়ন

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:০০ এএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০১:৩৮ পিএম
Main News Image

গ্লোবাল ইন্স্যুরেন্স জাতীয় খো খোর পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শনিবার পলটন ময়দানে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনলে আনসার ২৭-১৮ পয়েন্টে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

অন্যদিকে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার দল ৬-৫ পয়েন্টে নীলফামারীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দুই দলকে ৩০ হাজার এবং রানার্সআপ দুই দলকে ২০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়। খেলা শেষে খো খো ফেডারেশনের সভাপতি এএইচএম জিয়াউল হকের সভাপতিত্বে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ফেডারেশনের সহসভাপতি ও গ্লোবাল ইন্স্যুারেন্সের পরিচালক এসএম সারওয়ার আলম।

এ সময় আরেক পরিচালক সৈয়দ বদরুল আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন ফকির, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুল মুক্তাদির বেলাল, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল ও মতিউর রহমান বাবুল উপস্থিত ছিলেন। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের ৩৪টি জেলা ও দুটি সার্ভিসেস দল অংশ নেয়।