কমনওয়েলথ সাঁতারে হিটে সপ্তম
শেষ ষোলোতে জায়গা না পেয়ে বিদায় সোনিয়া আক্তারের
গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের সাঁতার প্রতিযোগিতায় নারীদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নিজের হিটে সপ্তম স্থান অর্জন করেছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া আক্তার। তবে সামগ্রিক ফলাফলে দ্রুততম ১৬ জনের মধ্যে জায়গা করতে না পারায় তার সেমিফাইনালে ওঠা হয়নি।
শুক্রবার (২৪ জুলাই) গ্লাসগোর টলক্রস সুইমিং সেন্টারে অনুষ্ঠিত দ্বিতীয় হিটে সোনিয়া ৩২.৭১ সেকেন্ড সময় নেন। একই হিটে পাকিস্তানের জাহরা নাবি ২৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন।
সেশেলসের ডি. ব্রিস্টল ৩১.০৪ সেকেন্ডে দ্বিতীয় এবং ডমিনিকার জে. স্কোফিল্ড ৩১.২৩ সেকেন্ডে তৃতীয় হন।এ হিটে পাপুয়া নিউগিনির জে. চেন চতুর্থ, ভানুয়াতুর এল. রুসেট পঞ্চম এবং রুয়ান্ডার এ. এম. এচেসাহ ষষ্ঠ স্থান অর্জন করেন। বাংলাদেশের সোনিয়া আক্তার সপ্তম এবং মালাউইয়ের জেড. রেবেলো অষ্টম হন।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সব হিটের ফল মিলিয়ে দ্রুততম ১৬ জন সাঁতারু সেমিফাইনালে জায়গা পান।
তবে সোনিয়ার টাইমিং শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। ফলে হিট পর্ব থেকেই শেষ হয় তার অভিযান।
কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সোনিয়া আক্তার আন্তর্জাতিক এই মঞ্চে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। সেমিফাইনালে উঠতে না পারলেও দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি।