নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

কুমিল্লাকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে রংপুর

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩৩ এএম
Main News Image

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে রংপুর অঞ্চলের ছেলেরা। আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা অঞ্চলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর বয়েজ অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব। ইনিংসের শুরুতে কুমিল্লা শিবিরে আঘাত হানেন ফারহান সাদিক। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় কুমিল্লা। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ১১ রানে দ্বিতীয় ও ২৯ রানে তৃতীয় উইকেট হারায় তারা। কুমিল্লার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১৫ রান করেন আবরার জাসিন। ১১ বলে এক চার ও এক ছক্কার মারে তিনি ১৩৬.৩৬ স্ট্রাইকরেটের ইনিংস খেলেন।

এছাড়া ব্রিহাত দেবনাথ ১০ বলে ১২ ও মো. ফারহান শাহরিয়ার হামিম ১৪ বলে ৯ রান করেন। তবে বাকি ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় কুমিল্লা বয়েজের ইনিংস। রংপুর বয়েজের বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করেন শাহিন ইসলাম শাহি। মাত্র ২ রান খরচায় তিনি ২ উইকেট তুলে নেন ২। ইকোনমি রেট ১.০৯। এছাড়া ফারহান কবির, ফারহান সাদিক ও মো. নওফেল ইহসান নীরব প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। বোলারদের দাপুটে পারফরম্যান্সেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রংপুর বয়েজ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রংপুর বয়েজের ব্যাটসম্যানরা। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজের উদ্বোধনী জুটিতেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। কোনো উইকেট না হারিয়েই মাত্র ৮.৩ ওভারে ৫৯ রান তুলে নেয় দলটি। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ২৭ বলে ৭ চার ও ১টি ছক্কায় খেলেন ৩৭ রানের ম্যাচসেরা ইনিংস। স্ট্রাইকরেট ১৩৭.০৪। অন্যপ্রান্তে ইলমান বিন ইমতিয়াজ অপরাজিত থাকেন ১৮ রানে। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিল রংপুর বয়েজ।