মেসি-ইয়ামাল যুদ্ধে জিতবে কে?
বিশ্বকাপ ফুটবলের আরও একটি রোমাঞ্চকর আসর শেষ হতে চলেছে। আগামী চার বছরের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট কার মাথায় উঠছে—তা জানতে এখন কেবল প্রহর গোনা। রোববার (১৯ জুলাই) দিন শেষে রাত একটায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুই অপরাজিত দলের এই লড়াই মূলত রূপ নিয়েছে টুর্নামেন্টের সেরা আক্রমণ বনাম সেরা রক্ষণের এক ধ্রুপদী দ্বৈরথে।
আর্জেন্টিনার শক্তি- অদম্য মানসিকতা ও 'মেসি ম্যাজিক' : দক্ষিণ আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা এবারের টুর্নামেন্টে রূপকথার মতো সব প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেছে। নক-আউট পর্বে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আক্রমণভাগ: টুর্নামেন্টে ৭ ম্যাচে সর্বোচ্চ ১৯টি গোল দিয়ে নিজেদের বিধ্বংসী আক্রমণভাগের প্রমাণ দিয়েছে আলবিসেলেস্তেরা। বিশেষ করে ম্যাচের শেষ ১৫ মিনিটে গোল করার ক্ষেত্রে তারা অনন্য দৃঢ়তা দেখিয়েছে।
কৌশলগত দিক: ৪-৩-৩ ছকে মাঝমাঠে পারেদেস, মাক অ্যালিস্টার ও এনজো ফের্নান্দেজদের সঙ্গে আক্রমণে মেসির মূল সঙ্গী হুলিয়ান আলভারেজ, যার প্রেসিং ক্ষমতা স্পেনের বিল্ড-আপ খেলা ভাঙতে দারুণ কার্যকর হবে।
মেসি ফ্যাক্টর: ৩৯ বছর বয়সী লিওনেল মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্টের শীর্ষে। পুরো দল যেন তাদের প্রিয় অধিনায়ককে আরেকটি বিশ্বকাপ জেতাতে নিজেদের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত।
আর্জেন্টিনা জিতলে এটি হবে তাদের চতুর্থ শিরোপা, যা তাদের জার্মানি ও ইতালির সমকক্ষ করবে এবং ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জয়ের গৌরব এনে দেবে।
স্পেনের শক্তি-নিখুঁত ফুটবল বিজ্ঞান ও ইস্পাতকঠিন রক্ষণ : অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন কোনো নাটকীয়তা ছাড়াই পুরো টুর্নামেন্টে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে খেলেছে। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে তারা ফাইনালে পা রাখে।
রক্ষণভাগ: টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা স্পেন এই বিশ্বকাপে ৭ ম্যাচে হজম করেছে মাত্র ১টি গোল! আইমেরিক লাপোর্তে ও পাউ কুবারসির রক্ষণভাগ টুর্নামেন্টের অবিসংবাদিত সেরা।
কৌশলগত দিক: রদ্রি ও ফাবিয়ান রুইজের নিয়ন্ত্রণে থাকা মাঝমাঠ এবং ১৯ বছর বয়সী বিস্ময়বালক লামিন ইয়ামালের উইংয়ের গতি স্পেনের মূল শক্তি। তাদের নিখুঁত পাসিং গেম ও দলীয় রসায়ন যেন মাঠে এক জীবন্ত ফুটবল বিজ্ঞান।
স্পেন জিতলে তা হবে তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জয় এবং ফাইনালে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখার মিশন।
রেকর্ডের পাতায় অনন্য ফাইনাল : দুই দলের মুখোমুখি ১৪ বারের দেখায় ৬টি করে জয় নিয়ে ইতিহাস সমানে সমান। তবে বিশ্বকাপের নক-আউট পর্বে এটিই তাদের প্রথম সাক্ষাৎ। এছাড়া দীর্ঘ ৯৬ বছর পর (১৯৩০ সালের পর) এই প্রথম একই ভাষাভাষী (স্প্যানিশ) দুটি দেশ ফাইনালে লড়ছে। একই সাথে, ইতিহাসের প্রথমবার ইউরো ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন দল বিশ্বকাপের মহরণ কাপের ট্রফির জন্য মুখোমুখি হচ্ছে।
একদিকে আবেগ ও সংহতির আর্জেন্টিনা, অন্যদিকে নিখুঁত ও সুশৃঙ্খল স্পেন—ফুটবল বিশ্ব পেতে যাচ্ছে এক অবিস্মরণীয় ফাইনাল।