নিট আন্দোলনে ক্ষোভ : নাসিরুদ্দিন শাহ বললেন, সব মনে রাখা হবে
নিট (NEET) পরীক্ষা বিতর্ক এবং ছাত্র আন্দোলনের সমর্থনে সরব হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কড়া পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
একটি ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিয়ে অভিনেতা বলেন, "যদি কোনো অজ্ঞ মানুষ দেশের নেতৃত্ব দেয়, তবে সে গোটা দেশকেই সংবেদনহীন ও নিষ্ঠুর বানাতে চায়।" ন্যাশনাল স্কুল অব ড্রামা ও এফটিআইআই-তে শিক্ষকতার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, শিক্ষার্থীরাই তাঁকে সবচেয়ে বেশি শিখিয়েছে। তাই আন্দোলনরত তরুণদের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।
শিক্ষার্থীদের ওপর পুলিশের অত্যাচারকে যুক্তরাষ্ট্রের 'আইসিই' (ICE) কর্মকর্তাদের আচরণের সঙ্গে তুলনা করেন নাসিরুদ্দিন। লাঠিচার্জকারী পুলিশদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, নিজেদের সন্তানদের কথা ভেবেও কি তাদের মন কাঁদে না? একই সঙ্গে তরুণ প্রজন্মকে সাহস না হারানোর পরামর্শ দিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দেন— "সব মনে রাখা হবে।"
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ছাত্র সংগঠন 'ককরোচ জনতা পার্টি' (CJP) অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেয়ার করে। তবে ঘটনার নতুন মোড় ঘোরে বুধবার সকালে। হঠাৎ করেই নাসিরুদ্দিন শাহের ইনস্টাগ্রাম প্রোফাইল ও ভিডিওটি অদৃশ্য হয়ে যায়। সাময়িক সেন্সরশিপ বা অ্যাকাউন্ট মুছে দেওয়ার গুঞ্জন উঠলেও কয়েক ঘণ্টা পর প্রোফাইলটি পুনরায় ফিরে আসে।
উল্লেখ্য, জুলাইয়ের শুরু থেকেই নিট প্রশ্নফাঁস বিতর্ক ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে অনশন ও প্রতিবাদ চলছে। এই আন্দোলনের সমর্থনে ইতিপূর্বে শাবানা আজমি, অপর্ণা সেন, ও অনুরাগ কাশ্যপের মতো বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে এসেছিলেন। এবার নাসিরুদ্দিন শাহের এই মন্তব্য আন্দোলনকে আরও জোরদার করল।