হকি কোচের দৃষ্টি কোরিয়া ম্যাচের দিকে

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৫৫ এএম
আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম
Main News Image

আসন্ন এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় হকি দল গতকাল (সোমবার) একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব-২০ হকি দলের (যারা বিকেএসপিতে এশিয়া কাপের ক্যাম্পে আছে)। ম্যাচে জাতীয় দল ৭-১ গোলের ব্যবধানে জয় পায়। 

ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জাতীয় দলের প্রধান কোচ পিটার গেরহার্ড। অনুশীলনে যা শেখানো হয়েছে, ম্যাচে খেলোয়াড়রা হুবহু তা মাঠে প্রদর্শন করায় কোচ বেশ আনন্দিত। তবে এই জয়েই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তিনি। খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে পিটার গেরহার্ড বলেন, "আমি কখনোই সহজে সন্তুষ্ট হই না, আমাদের এখনও অনেক কাজ বাকি। তবে আজ ছেলেদের পারফরম্যান্স দেখে আমি কিছুটা বিস্মিত ও অভিভূত হয়েছি। তারা মাঠে কিছু চমৎকার মুভমেন্ট দেখিয়েছে। আমরা অনুশীলনে যা যা নিয়ে আলোচনা করেছিলাম এবং প্র্যাকটিসে যা করেছিলাম, তারা আজ ঠিক সেটাই ম্যাচে করে দেখিয়েছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।"

জাতীয় দলের বর্তমান স্কোয়াডের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, "আমি সবসময় যা বলে এসেছি, এই দলটিতে প্রচুর প্রতিভা রয়েছে। এদের বিশেষত্ব হলো, আপনি তাদের যা বলবেন বা অনুশীলনে যা করাবেন, তারা খুব দ্রুত তা আয়ত্ত করে ম্যাচে ফুটিয়ে তুলতে পারে। কিন্তু এর মধ্যেও আমাদের কিছু জায়গায় এখনও ঘাটতি ও সমস্যা রয়েছে, যা নিয়ে আমাদের নিবিড়ভাবে কাজ করতে হবে।"

সামনে এশিয়ান গেমসের কঠিন চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে কোচ সতর্কবার্তা উচ্চারণ করেন, "আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আসল লক্ষ্য হলো দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি। আজ আমরা যাদের সাথে খেলেছি, কোরিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত উচ্চ ক্যালিবারের দল। তাই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রম অপেক্ষা করছে। তবে বর্তমান মুহূর্তে দল যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তা নিয়ে আমি সামগ্রিকভাবে খুশি।" 

বাংলাদেশ হকি ফেডারেশন আশাবাদী যে, কোচের এই বাস্তবমুখী দিকনির্দেশনা ও কঠোর অনুশীলনের মাধ্যমে জাতীয় দল এশিয়ান গেমসে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে।