ব্রাজিল থেকে আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বহিষ্কার
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কর্তৃক ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে নিয়ে একের পর এক অবমাননাকর মন্তব্যের জেরে দুই প্রতিবেশী দেশের মধ্যকার বৈরিতা চরম রূপ নিয়েছে। চরম কূটনৈতিক বিরোধের প্রেক্ষাপটে ব্রাজিলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ব্রাজিল সরকার। বুয়েনস আইরেসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ব্রাজিল সরকার আর্জেন্টিনায় তাদের নিজস্ব কূটনৈতিক মিশনের মর্যাদাও কমিয়ে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ (অস্থায়ী মিশন প্রধান) পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মিলেই পুনরায় লুলা দা সিলভাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলে এ উত্তেজনার পারদ চরমে ওঠে। সাক্ষাৎকারে মিলেই লুলাকে “চোর” ও “দুর্নীতিগ্রস্ত” আখ্যা দিয়ে বলেন, “তিনি চুরি ও দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ছিলেন, তাই তাকে দণ্ডিত ব্যক্তি বলাটাই বাস্তব সত্য।”
এর আগে গত মাসে ব্রাজিলে অনুষ্ঠিত একটি রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েও একই ধরনের মন্তব্য করেছিলেন হাভিয়ের মিলেই। সেখানে তিনি ব্রাজিলের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারোর প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।
ওই ঘটনার পরপরই ব্রাজিল প্রতিবাদ হিসেবে আর্জেন্টিনা থেকে তাদের রাষ্ট্রদূতকে ফেরত তলব করেছিল। অবশ্য বুয়েনস আইরেস সে সময় এ কূটনৈতিক টানাপোড়েনকে কিছুটা হালকা করার চেষ্টা করে। আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র আদ্রিয়ান রাভিয়ের দাবি করেছিলেন, এটি কেবলই দুই নেতার ‘আদর্শগত ও রাজনৈতিক মতপার্থক্যের’ বিষয়। তবে নতুন করে মিলেইয়ের বিষোদ্গারের পর ব্রাজিল কঠোর অবস্থান নিয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত জানাল।