সেপাক তাকরো স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী, ড্রেসিংরুমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
Main News Image

সেপাক তাকরো খেলার ফাইনাল দেখতে হঠাৎ জাতীয় সেপাক তাকরো স্টেডিয়ামে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। মঙ্গলবার খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দিতে এবং সমাপনী আয়োজনে যোগ দিতে সেখানে যান তিনি।

পরিদর্শনকালে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, খেলোয়াড়রা যদি এই খেলায় ধারাবাহিক নৈপুণ্য ও ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারেন, তবে আগামীতে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টসে' সেপাক তাকরোকে অন্তর্ভুক্ত করা হবে।

পাশাপাশি খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়ে তিনি দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য উপযুক্ত ড্রেসিং রুমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। প্রতিমন্ত্রীর এই আকস্মিক আগমন ও ইতিবাচক আশ্বাসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ খেলোয়াড় ও আয়োজক সংশ্লিষ্টরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক তাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী, ফেডারেশনের সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

​পুরুষ বিভাগের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা দল ২ - ০ সেটে নীলফামারী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​মহিলা বিভাগের খেলায় গ্রুপ লীগ পয়েন্টের ফলাফলের ভিত্তিতে রাঙামাটি জেলা দল চ্যাম্পিয়ন (দলীয় পয়েন্ট ৬) এবং নীলফামারী জেলা দল (দলীয় পয়েন্ট ৪) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।