দৃষ্টিশক্তিহীন কুকুর বাঁচিয়েছিল তার মালিককে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
Main News Image

২০০১ সালের ১১ সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারের ৭৮ তলায় কাজ করছিলেন দৃষ্টিহীন মাইকেল হিংসন। ডেস্কে শান্ত হয়ে ঘুমিয়ে ছিল তাঁর গাইড ডগ রোজেল—একটি হলুদ ল্যাব্রাডর রিট্রিভার। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বহুতল, আর দেখতে দেখতে চারদিক ঢেকে যায় ধোঁয়া ও আগুনে। সহকর্মী ডেভিড ফ্র্যাঙ্কসহ সবাই যখন আতঙ্কে দিশাহারা, তখন নিঃশব্দে নিজের দায়িত্ব বুঝে নেয় চার পায়ের এই বিশ্বস্ত সঙ্গী।

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অদম্য সাহস দেখায় রোজেল। সিঁড়িতে হাজারো মানুষের ভিড়, আতঙ্ক আর কান্নাকাটির মধ্যে এক হাতে রেলিং ধরে নামতে থাকেন মাইকেল। রোজেলও নিজের শান্ত ভঙ্গিতে পথ দেখাতে থাকে। যাত্রাপথে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া এক নারীকে থামতে দেখে সাহায্য করেন মাইকেল, পাশে থেকে সেই নারীকে শান্ত করার চেষ্টা করে রোজেলও। ৫০ তলায় পৌঁছানোর পর ডেভিডের মনোবল ভেঙে পড়লে মাইকেল তাকেও সাহস জোগান। সিঁড়ি বেয়ে নিচে নামার পথে তাঁদের পাশ দিয়েই ওপরে উঠছিলেন দমকলকর্মীরা—যাঁদের মধ্যে ৩৪৩ জন সেদিন আর ফিরতে পারেননি।

দীর্ঘ পথ পেরিয়ে তিনজন নিচে পৌঁছালেও বিপদ কাটেনি। বাইরে আসতেই বিকট শব্দে ধসে পড়ে সাউথ টাওয়ার। চারপাশে উড়তে থাকা ধোঁয়া আর ধ্বংসাবশেষের মধ্যে চটজলদি সিদ্ধান্ত নিয়ে মাইকেলদের একটি সাবওয়ে স্টেশনের নিচে আশ্রয় নিশ্চিত করে রোজেল। কিছুক্ষণ পরেই ধসে পড়ে নর্থ টাওয়ার—যে ভবন থেকে মাত্র কিছুক্ষণ আগেই তাঁরা নেমেছিলেন।

সেই বিভীষিকাময় রাতে বাড়ি ফিরে রোজেল স্বাভাবিকভাবে নিজের প্রিয় খেলনাটি নিয়ে খেলতে শুরু করে, যেন কঠিন এক দায়িত্ব শেষ করে আবার সাধারণ জীবনে ফিরে আসা। ৭৮ তলার ভয়াবহতা কাটিয়ে মালিককে রক্ষা করা রোজেলের এই বীরত্ব ২০০২ সালে তাকে এনে দেয় 'অ্যাওয়ার্ড ফর ক্যানাইন এক্সিলেন্স' সম্মাননা। ২০১১ সালে ১৪ বছর বয়সে রোজেল মারা যায়, তবে মাইকেলের লেখা 'থান্ডার ডগ' বই আর ৯/১১-এর ইতিহাসে এক অনন্য ও অকৃত্রিম ভালোবাসার স্মারক হয়ে বেঁচে রয়েছে এই বীর ল্যাব্রাডর।