হাঁসের ডিমের দো পেঁয়াজা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
Main News Image

মাংসকে টেক্কা দিতে পাতে জমিয়ে তুলুন হাঁসের ডিমের দো পেঁয়াজা। রোজকার ডিমের কারি বা ঝোলের বদলে বাটা ও ডুমো পেঁয়াজের ডাবল ধামাকায় তৈরি এই পদটি গরম ভাত কিংবা মচমচে পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে।

উপকরণ
প্রধান উপকরণ: হাঁসের ডিম ৫টি (সেদ্ধ করা)

সবজি ও বাটা: ৩টি বড় পেঁয়াজ (২টি বাটা, ১টি ডুমো করে কাটা), ২টি বড় টম্যাটো (বাটা ও কুচানো), ২ টেবিলচামচ আদা-রসুন বাটা

ফোড়ন ও মশলা: ১ টেবিলচামচ জিরে, ২টি শুকনো লঙ্কা, ২ টেবিলচামচ রসুনকুচি, ৪-৫টি কাঁচালঙ্কা, ১ চা-চামচ জিরেগুঁড়ো, ১ চা-চামচ ধনেগুঁড়ো, ২ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

অন্যান্য: ৩ টেবিলচামচ সাদা তেল, ১ টেবিলচামচ ঘি, ১ টেবিলচামচ টক দই (জল ঝরানো), স্বাদমতো নুন ও চিনি

প্রস্তুত প্রণালী

ডিম ভাজা: সেদ্ধ ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে সামান্য চিড়ে দিন, যাতে ভেতরে মশলা ঢোকে। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ডিমগুলো হালকা ভেজে তুলে রাখুন।

মশলা কষানো: কড়াইয়ে তেল ও ঘি গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিন। প্রথমে পেঁয়াজবাটা দিয়ে হালকা কষে এলে আদা-রসুনবাটা যোগ করুন। এরপর নুন, হলুদ, গুঁড়োলঙ্কা, কাঁচালঙ্কা এবং টম্যাটোবাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন।

গ্রেভি তৈরি: মশলা থেকে তেল ছাড়লে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো এবং ফেটানো টক দই দিয়ে কম আঁচে আবার কষে নিন। তেল আলাদা হয়ে এলে অল্প গরম জল দিন। গ্রেভি ফুটলে ভাজা ডিমগুলো ছেড়ে ঢাকা দিয়ে ঝোল ঘন হতে দিন।

তড়কা বা দো-পেঁয়াজ টাচ: অন্য একটি পাত্রে অল্প তেল গরম করে জিরে ও রসুনকুচি হালকা ভাজুন। এবার ডুমো করে কাটা পেঁয়াজ, টম্যাটোকুচি ও সামান্য নুন দিয়ে হালকা নাড়াচাড়া করুন। পেঁয়াজ নরম হলে ও কাঁচা গন্ধ গেলে তেলসহ পুরো মিশ্রণটি ফুটন্ত ডিমের ঝোলে ঢেলে দিন।

পরিবেশন: মাঝারি আঁচে আর ২ মিনিট ফুটিয়ে গা-মাখা কাই তৈরি হলেই নামিয়ে নিন গরম গরম হাঁসের ডিমের দো পেঁয়াজা।