নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা; প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। বার্তায় তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।”
একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি বিশেষ শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বার্তার আধা ঘণ্টার মধ্যেই নরেন্দ্র মোদি তাঁর পোস্টটি রি-পোস্ট করে ধন্যবাদ জানান। এক্সে তিনি লেখেন, “আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।”
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ৭৬তম জন্মদিন পার করলেন।