বড় বাঁচা বেঁচে গেলেন রাজেশ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম
Main News Image

রাজেশ শর্মা। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বড় ফাঁড়া কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। অভিনেতার সহায়ক শুভাশিস পান্ডা ও হাসপাতাল সূত্রে তার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য পাওয়া গেছে।

শুক্রবার অভিনেতার পায়ের সংক্রমণ কমাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছিল, যা সফল হয়। বুধবার তার পায়ের সেলাই কাটার কথা রয়েছে। চিকিৎসায় তিনি প্রথম থেকেই ইতিবাচক সাড়া দিচ্ছেন। বর্তমানে তার জ্বর ও শ্বাসকষ্ট কমেছে এবং রক্তে চিনির (সুগার) মাত্রা স্বাভাবিক রয়েছে। রাজেশ শর্মা এখন বিছানায় উঠে বসছেন এবং সবার সাথে কথা বলছেন। চিকিৎসকদের পরামর্শে আজ তাকে হাঁটানো হবে। তবে এখনও তার নাকে অক্সিজেনের নল রয়েছে।

শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে আইসিইউ থেকে সরিয়ে বর্তমানে একটি আলাদা কেবিনে রাখা হয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলতি সপ্তাহের সোমবারই তার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা থাকলেও, চিকিৎসকদের বাড়তি পর্যবেক্ষণের কারণে তা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।

জনপ্রিয় এ অভিনেতার অসুস্থতার খবর পেয়ে শনিবার তাকে হাসপাতালে দেখতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে আন্তরিক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।