রাবি শিক্ষার্থী লাঞ্ছনা: রেললাইন অবরোধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ এএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
Main News Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে লাঞ্ছনা ও মারধরের প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরিদর্শক (টিটিই) সুমন সরকারি রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে অসাধু উপায়ে অর্থ গ্রহণ (ঘুষ) করছিলেন। রাবি আইন বিভাগের (২০১৯-২০ সেশন) এক শিক্ষার্থী এর প্রতিবাদ করলে টিটিই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি মারধর করেন।

বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টি-শার্ট পরা থাকা সত্ত্বেও শিক্ষার্থীকে মারধর করা হয় এবং বিষয়টি সুরাহার আগেই তাকে আগের একটি স্টেশনে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে রাবির চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে সর্বাত্মক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত টিটিই সুমনকে হাজির করে উপযুক্ত শাস্তিমূলক ও আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।