তিন গুণী ব্যক্তিত্ব পেলেন সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা
ছবি: সংগৃহিত
প্রবীণ নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠা, সমাজে তাঁদের অবদানকে যথাযথ স্বীকৃতি প্রদান এবং আন্তঃপ্রজন্মের সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তিন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে লায়ন্স ফাউন্ডেশন টাওয়ারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব—স্বনামধন্য চিকিৎসক ও জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ এবং প্রখ্যাত কৃষিবিদ ড. জহুরুল করিম (Z.Karim)-কে তাঁদের বর্ণাঢ্য কর্মজীবন, পেশাগত অবদান ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া তাঁদের সম্মানে অতিথিদের বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত পরিচয় সংবলিত "অনুরক্তি” নামক একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম রেজাউল হক এবং যুগ্ম সচিব ডাক্তার শওকত হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধানে তাঁদের সক্রিয় ভূমিকা ছিল। সম্মাননা গ্রহণের পর সংবর্ধিত অতিথিরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
আয়োজকদের মতে, প্রবীণ ব্যক্তিরা তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশ ও সমাজকে সমৃদ্ধ করেছেন। তাঁদের সম্মান জানানো কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন প্রজন্মের সামনে তাঁদের কর্মময় জীবন ও মূল্যবোধ তুলে ধরার একটি অনন্য উদ্যোগ।
সংগঠনটি বিশ্বাস করে, প্রবীণদের যথাযথ সম্মান, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা একটি কল্যাণমুখী সমাজ গঠনের অন্যতম শর্ত। এ ধরনের আয়োজন তরুণ ও প্রবীণ প্রজন্মের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, গণমাধ্যমকর্মী ও সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।