আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় রবীন্দ্রসংগীতের সন্ধ্যা

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ এএম
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ এএম
Main News Image

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীল জগৎ ও ফরাসি শিল্প-সাহিত্য-সংস্কৃতির গভীর আন্তঃসম্পর্ককে সংগীত ও আলোচনার মাধ্যমে তুলে ধরল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। “রবীন্দ্রনাথের ফরাসি সংযোগ – রবীন্দ্রসংগীতের এক সন্ধ্যা” শীর্ষক এই বিশেষ আয়োজনে রবীন্দ্রসংগীতের মূর্ছনার সঙ্গে উঠে আসে কবির ফ্রান্স-সংশ্লিষ্ট সাংস্কৃতিক অভিজ্ঞতা, শিল্পী ও সাহিত্যিকদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং তাঁর বহুমাত্রিক সৃজনশীল বিকাশে ইউরোপীয় শিল্প-সংস্কৃতির প্রভাব।

অডিটোরিয়াম নুভেল ভাগ-এ অনুষ্ঠিত এই সন্ধ্যা একই সঙ্গে উদ্‌যাপন করে রবীন্দ্রনাথের বিশ্বজনীন শিল্পভাবনা এবং বাংলা ও ফরাসি সংস্কৃতির দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সংলাপ। 

সন্ধ্যায় রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সঞ্চিতা রাখী। তাঁর সঙ্গে এসরাজে ছিলেন আশিকুল আবির, তবলায় গৌতম কুমার সরকার, কিবোর্ডে কৌশিক আহমেদ অন্তর এবং গিটারে মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানের সহ-গবেষক ধ্রুব জ্যোতি সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং সংগীত পরিবেশনার পাশাপাশি সংশ্লিষ্ট আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও ফ্রান্সের মধ্যকার সাংস্কৃতিক সংযোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষভাবে আলোচিত হয় ফরাসি সাহিত্য ও শিল্পমহলের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় এবং তাঁর বিস্তৃত বৌদ্ধিক ও সৃজনশীল যাত্রায় এসব সাংস্কৃতিক যোগাযোগের ভূমিকা।

অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁম্ভো বলেন:

“ফ্রান্সের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কয়েক দশকজুড়ে বিস্তৃত ছিল। প্যারিস ছিল শিল্পের অন্যতম প্রধান রাজধানী এবং সেখানে তিনি এমন অনেক শিল্পীর সঙ্গে পরিচিত হয়েছিলেন, যারা বহুমাত্রিক শিল্পী হিসেবে তাঁর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই সাংস্কৃতিক সংলাপের সমৃদ্ধিকে তুলে ধরাই এই অনুষ্ঠানের লক্ষ্য।”

রবীন্দ্রনাথের কালজয়ী গান এবং সঙ্গীতের সঙ্গে যুক্ত আলোচনা মিলিয়ে সন্ধ্যাটি দর্শকদের তাঁর আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগকে নতুনভাবে ফিরে দেখার সুযোগ করে দেয়। একই সঙ্গে এই আয়োজন বাংলা ও ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যকার চলমান সংলাপকেও উদ্‌যাপন করে।