ইসলামাবাদে ১৪৪ ধারা জারি, মাঠে সশস্ত্র পুলিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম
Main News Image

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি, মাঠে সশস্ত্র পুলিশ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে রাজধানীজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সশস্ত্র পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের এসপি, ডিএসপি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (এসএইচও) সরাসরি মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর কোথাও ব্যানার প্রদর্শন কিংবা ১৪৪ ধারা ভঙ্গ করে লোকজন জড়ো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও অবকাঠামোর নিরাপত্তায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থান করছেন। প্রদেশটিতে আগে পিটিআইয়ের সরকার ছিল।

প্রতিবেদন অনুযায়ী, পিটিআই সমর্থকেরা লংমার্চ নিয়ে ইসলামাবাদে প্রবেশ করতে পারেন—এমন আশঙ্কা থেকেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করে।

এদিকে জরুরি অবস্থা জারির পর প্রদেশটির সদ্য সাবেক মুখ্যমন্ত্রী সোয়াইব আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গভর্নরকে প্রধান করে ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। পরিষদটি এখন প্রদেশটির দায়িত্ব পালন করবে।

পরিস্থিতি ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।