শ্রীদেবীর কোন অভ্যাস আজও মেনে চলেন জাহ্নবী?

বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ এএম
Main News Image

বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরের ঘন, লম্বা ও ঝলমলে চুলের রহস্য কী? এর নেপথ্যে রয়েছে তাঁর প্রয়াত মা শ্রীদেবীর শেখানো এক পুরনো অভ্যাস। মায়ের স্মৃতি ধরে রাখতে আজও সেই নিয়ম মেনে চলেন অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে জাহ্নবীর চুলের যত্ন নেওয়ার অভ্যাস নিয়ে কথা বলেন অভিনেতা বরুণ ধবন। তাঁর কথায়, জাহ্নবী চুলে তেল মাখতে বেশ পছন্দ করেন। এর আগে এক সাক্ষাৎকারেও অভিনেত্রী জানিয়েছিলেন, সপ্তাহে তিন দিন তিনি চুলে তেল মালিশ করেন। ছোটবেলায় মায়ের কাছ থেকেই এই অভ্যাস শিখেছিলেন তিনি।

চুলের যত্নে তেল ব্যবহারের চল বহু পুরনো। শ্যাম্পু করার আগে চুলে তেল মাখলে শুষ্কতা কমতে পারে এবং চুলের উপরিভাগে সুরক্ষামূলক আবরণ তৈরি হয়। বিশেষ করে নারকেল তেল চুলের প্রোটিনের ক্ষয় কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত হিট স্টাইলিং বা রাসায়নিক ব্যবহারের ফলে চুল দুর্বল হয়ে পড়লে এই অভ্যাস কিছুটা উপকারী হতে পারে।

তবে চুলে তেল মাখলেই যে দ্রুত চুল বাড়বে, এমন ধারণা ঠিক নয়। চুলের বৃদ্ধি মূলত নির্ভর করে জিনগত বৈশিষ্ট্য, হরমোন, বয়স, পুষ্টি এবং সামগ্রিক শারীরিক স্বাস্থ্যের উপর। তেল সরাসরি চুলের গোড়ায় নতুন চুল গজানোর গতি বাড়ায় না। বরং চুলের ভাঙন কমিয়ে স্বাভাবিক দৈর্ঘ্য ধরে রাখতে সাহায্য করতে পারে।

কত দিন চুলে তেল মাখবেন?

জাহ্নবী সপ্তাহে তিন দিন তেল মাখেন বলে সকলকেই সেই নিয়ম অনুসরণ করতে হবে, এমন নয়। চুলের ধরন এবং মাথার ত্বকের অবস্থার উপর নির্ভর করেই তেলের রুটিন ঠিক করা উচিত।

চুল শুষ্ক ও রুক্ষ হলে সপ্তাহে এক থেকে দু'বার শ্যাম্পুর আগে তেল মাখতে পারেন।

মাথার ত্বক তৈলাক্ত হলে ঘন ঘন তেল মাখার প্রয়োজন নেই।

খুশকি বা মাথার ত্বকে অন্য কোনও সমস্যা থাকলে অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভাল।

প্রথমে সপ্তাহে এক দিন তেল মেখে দেখুন। চুল ও মাথার ত্বকের প্রতিক্রিয়া বুঝে প্রয়োজন অনুযায়ী রুটিন বদলান।

মায়ের শেখানো ছোট্ট অভ্যাসই আজও জাহ্নবীর চুলের পরিচর্যার অন্যতম অংশ। আধুনিক রূপচর্চার ভিড়েও শ্রীদেবীর সেই ঘরোয়া টোটকা ধরে রেখেছেন অভিনেত্রী।