আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর মাঠে নেমেই মেসির জোড়া গোল, মায়ামির বড় জয়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম
Main News Image

 চার দিন আগেই আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফুটবল বিশ্বকে বিদায় জানিয়েছেন লিয়োনেল মেসি। তবে ক্লাবের জার্সিতে মাঠে ফিরতেই আবার দেখা গেল তাঁর সেই পরিচিত জাদু। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।

ইন্টার মায়ামির এই দুর্দান্ত জয়ে জোড়া গোল করেছেন লিয়োনেল মেসি এবং বাকি দুই গোল এসেছে উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজের পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মায়ামি। খেলার ৩ মিনিটেই বাঁ পায়ের জোরালো শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর ৩৯ মিনিটে বেরতেরামের সহায়তায় নিজের দ্বিতীয় এবং দলের হয়ে ২-০ ব্যবধানের গোলটি নিশ্চিত করেন উরুগুয়ের এই প্রাক্তন অধিনায়ক। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইন্টার মায়ামি।

দ্বিতিয়ার্ধের শুরুতেই দেখা মেলে আসল 'মেসি-ম্যাজিকের'। ৪৭ মিনিটে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-০ করেন মেসি। এর কিছু পরেই আসে মেসির দ্বিতীয় গোলটি—যেখানে ডিসি ইউনাইটেডের তিন জন ডিফেন্ডারকে একের পর এক কাটিয়ে এক অসাধারণ একক দক্ষতায় গোল করে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

এই জোড়া গোলের ফলে চলতি লিগে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৩টিতে। ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে এই জয়ের পর ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। অন্যদিকে, সমানসংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ন্যাশভিল।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও মাঠের পারফরম্যান্সে মেসি স্পষ্ট করে দিলেন, তাঁর গোল করার ক্ষুধা ও দক্ষতার ধার এখনো বিন্দুমাত্র কমেনি।