আগামীকাল ফল প্রকাশ এইচএসসি ও সমমানের
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মাধ্যমে পরীক্ষাটিতে অংশ নেওয়া সারাদেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনলাইনে: eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানা যাবে।
এসএমএসে: যে কোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়মে ১৬১৪০ নম্বরে মেসেজ পাঠিয়ে মুহূর্তের মধ্যেই ফল জানা যাবে।
চলতি বছর ১১টি বোর্ডে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে মোট ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেন।