‘এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার প্রদান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম
Main News Image

ছবি: সংগৃহিত

বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’ আয়োজিত ‘বুক রিভিউ প্রতিযোগিতা–২০২৬’-এর দ্বিতীয় আসরের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের প্রতিযোগিতার জন্য বিশিষ্ট লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের দুটি বই নির্ধারিত ছিল— প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। মাসব্যাপী চলা এই প্রতিযোগিতাটি দেশব্যাপী পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রতিযোগীদের পাঠানো অজস্র বুক রিভিউ থেকে জুরি বোর্ডের নিবিড় মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বই বিভাগে ৫ জন করে মোট ১০ জন সেরা গ্রন্থ সমালোচককে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।


বিজয়ী তালিকা

‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ (প্রবন্ধ) বিভাগ:

প্রথম: মামুন কবীর

দ্বিতীয়: মো. শাহেরীন আরাফাত

তৃতীয়: মারুফ ইসলাম

বিশেষ পুরস্কার: মাকসুদা আক্তার ও সঞ্জয় দেওয়ান

‘আলো ছায়ার খেলা’ (উপন্যাস) বিভাগ:

প্রথম: আলী আহসান

দ্বিতীয়: মুহাম্মদ ফরিদ হাসান

তৃতীয়: নাছরিন জাহান

বিশেষ পুরস্কার: মো. জাহিদ হাসান ও জোবায়ের মিলন


প্রতিযোগিতায় দুই বিভাগ মিলে মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়। উভয় বিভাগের ১ম স্থান অধিকারী দুজন পেয়েছেন নগদ ১০ হাজার টাকা করে, ২য় স্থান অধিকারী দুজন ৫ হাজার টাকা করে এবং ৩য় স্থান অধিকারী দুজন পেয়েছেন ৩ হাজার টাকা করে। এছাড়া বিশেষ বিভাগে নির্বাচিত পরবর্তী ৪ জন সেরা সমালোচককে দেওয়া হয় নগদ ২ হাজার টাকা করে। অর্থমূল্যের পাশাপাশি সেরা ১০ জন বিজয়ীর প্রত্যেককে ১ হাজার টাকা সমমূল্যের বই উপহার হিসেবে দেওয়া হয়।

‘এবং বই’ পত্রিকার সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আহমদ বশীর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মনি হায়দার এবং কবি ও প্রাবন্ধিক আলমগীর খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নারী নেত্রী জাকিয়া শিশির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, লেখক মিজানুর রহমান আফরোজ এবং পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা।


আলোচনা পর্বে অতিথিবৃন্দ বলেন, "সমালোচনার জন্য নির্বাচিত লেখক আশরাফ আহমেদ প্রবাসে থাকলেও তাঁর লেখনী পাঠ করলেই স্পষ্ট বোঝা যায়, তিনি নিজের ভেতরে বাংলাদেশকে কতটা গভীরভাব ধারণ করেন। প্রতিযোগিতার জন্য তাঁর চমৎকার দুটো বই নির্বাচন করা ‘এবং বই’-এর একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।" বক্তাগণ পত্রিকার নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে বলেন, "এবং বই সবসময় বইপ্রেমীদের পাঠতৃষ্ণা মিটিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।"