ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’: গ্রিন ও ক্লিন ঢাবি গড়ার অঙ্গীকার
ছবি: সংগৃহিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে নিয়মিত "ক্যাম্পাস ক্লিনিং ডে" শীর্ষক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ লক্ষ্য—এদেশের সামগ্রিক সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনা। সেই মহতী লক্ষ্য বাস্তবায়নে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষাঙ্গন নিশ্চিত করার প্রয়াসে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ উদ্যোগ গ্রহণ করেছে। "Green & Clean Campus First" এবং "পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি”—এই দ্বিবিধ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রতি শনিবার নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
এই কর্মসূচির ধারাবাহিকতায় আজ ৩১ অক্টোবর, ২০২৬ তারিখ শনিবার সকাল ১০:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা ও হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) থেকে শুরু করে দোয়েল চত্বর অভিমুখী প্রধান সড়ক ও তার আশপাশের এলাকাগুলোতে এ স্বেচ্ছাশ্রমভিত্তিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নেতাকর্মীদের সাধারণ পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থেকে সড়কের দুপাশের আবর্জনা সরানো, নিচু জমি বা ড্রেনে জমে থাকা বর্জ্য পরিষ্কার করা এবং মশার বংশবৃদ্ধি রোধে মশক নিধনকারী স্প্রে ছিটানোর কাজ করতে দেখা যায়। নেতাকর্মীদের এমন শতস্ফূর্ত ও পরিশ্রমী অংশগ্রহণ পুরো এলাকার পরিবেশকে দ্রুত সুবিন্যস্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। অন্যান্য রাজনৈতিক সংগঠনের সমালোচনার পাশাপাশি নিজ দলের দায়িত্বশীলতার জায়গা তুলে ধরে তিনি বলেন, "অন্য সব দলের মতো একদিনের লোকদেখানো কর্মসূচি পালন করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চেষ্টা করছি নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব চারপাশের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখতে। সেই তাগিদ থেকেই আমরা 'ক্যাম্পাস ক্লিনিং ডে' কর্মসূচি হাতে নিয়েছি এবং এটি আমরা নিয়মিত প্রতি শনিবারে পালন করে যাব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"
কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সংশ্লিষ্ট সকল প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি পরিবেশ সুরক্ষায় সবার একাত্মতার ওপর জোর দিয়ে বলেন, "সবার সম্মিলিত প্রয়াস ও সদিচ্ছা থাকলেই আমাদের আশপাশের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় চেষ্টা করবে নগর কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের একসঙ্গে নিয়ে সত্যিকারের একটি গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে।"
আজকের পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ছাড়াও বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের শতাধিক নেতাকর্মী একযোগে কাজ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত এমন উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝেও বেশ প্রশংসিত হয়েছে।