শক্তিমান বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই
নানা পাটেকর। ছবি : সংগৃহীত
গোয়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার সকালে গোয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে নিজ বাসভবনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এই অভিনেতা। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান, তবে সব চেষ্টা ব্যর্থ হয়। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রয়াণের সময় তাঁর ছেলে মালহার পাটেকর পুনেতে অবস্থান করছিলেন; খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশ্যে রওনা হন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। ১৯৭৮ সালে 'গামন' চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় তাঁর অভিষেক ঘটে। চরিত্রচিত্রণে গভীর আবেগ, স্বতন্ত্র সংলাপ প্রক্ষেপণ এবং ব্যতিক্রমী সব চরিত্র ফুটিয়ে তোলার অনন্য ক্ষমতার জন্য তিনি বিশেষভাবে খ্যাত ছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে তিনবার ভারতের সর্ব্বোচ্চ 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' অর্জন করেন এই গুণী শিল্পী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'পরিন্দা', 'নাটসম্রাট', 'ওয়াজুদ', 'আব তাক ছাপ্পান' ও 'যশবন্ত'।
এছাড়া 'শক্তি: দ্য পাওয়ার' (২০০২), 'অপহরণ' (২০০৫) ও 'ট্যাক্সি নম্বর ৯২১১' (২০০৬) চলচ্চিত্রে তাঁর শক্তিমত্তা প্রদর্শনের পাশাপাশি জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি 'ওয়েলকাম' (২০০৭) ও 'ওয়েলকাম ব্যাক' (২০১৫)-এ গ্যাংস্টার 'উদয় শেঠি' চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার 'রাজনীতি' চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পঞ্চমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন লাভ করেন। সম্প্রতি 'হাউসফুল ৫' সিনেমাতেও একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।