অংশ নিচ্ছেন ১৭ দেশের ১০৯ জন খেলোয়াড়
আজ থেকে শুরু হচ্ছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস ট্যুর জে-৩০
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ১১ থেকে ১৭ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে '৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা'।
প্রতিযোগিতা উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সোহেল, সভাপতি, বাংলাদেশ টেনিস ফেডারেশন, তারিক হাসান শিমুল, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ টেনিস ফেডারেশন, ইশতিয়াক আহমেদ (কারেন), সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেনিস ফেডারেশন, এম এ জিন্নাহ, কোষাধ্যক্ষ, বাংলাদেশ টেনিস ফেডারেশন, মুয়াম্মার আহমদ, টুর্নামেন্ট রেফারি, সদস্য , বাংলাদেশ টেনিস ফেডারেশন এবং শাহিন আহমেদ, কো -রেফারি।
অংশগ্রহণকার: উইথড্রয়াল ডেডলাইন অনুযায়ী সতেরোটি দেশের ১০৯ জন খেলোয়াড় (ছেলে ৮০ ও মেয়ে ২৯) প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর মধ্যে মেইন ড্র-তে ৪৪ জন, কোয়ালিফাইং-এ ৩২ জন এবং অল্টারনেটস-এ ৩৩ জন।
বাছাইপর্বের সাইন-ইন শনিবার সম্পন্ন হয়েছে এবং মূলপর্বের সাইন-ইন ১২ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে সম্পন্ন করতে হবে। ১১ অক্টোবর থেকে বাছাইপর্বের খেলা এবং ১৩ অক্টোবর থেকে মূলপর্বের খেলা শুরু হবে।
প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য ফেডারেশনের বিভিন্ন উপ-কমিটি কাজ করছে। জনাব মুয়াম্মার আহমাদকে টুর্নামেন্ট ডিরেক্টর মনোনীত করা হয়েছে। টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের আইটিএফ হোয়াইট ব্যাজ (লেভেল-২) রেফারী জয় মুখার্জি।
আগামী ১৭ অক্টোবর ২০২৬ জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক।
প্রতিযোগিতার যৌথ স্পন্সর Saiham Group ও R.A. Spinning Mills Ltd।