অরণ্যের ঘ্রাণ

শরীফুল আলম
নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম
Main News Image

ছবি: সংগৃহিত

মাঝে মাঝে এমন হয় যে, বাড়ি ভালো লাগে না, গাড়ি ভালো লাগে না; নারী, নদী, সাগর, পাহাড়, পাখি, কিছুই ভালো লাগে না। সবকিছুই আমার আছে, তারপরও মনে হয় কোথায় যেন কী নেই; কী যেন থাকার কথা ছিল, অথচ নেই। আবার কিছু কিছু সময়কে অপচয় কিংবা অর্থহীন বলেও মনে হয়।

দীর্ঘ একটি জীবন যাপন করলাম, অনেক লম্বা জার্নি। তারপরও কেউ কারও হতে পারলাম না। এখন বুঝতে পারছি, স্বপ্ন আর সম্ভাবনার রাস্তা অনেক দীর্ঘ; অনেক সময় তারা একও হয় না। এখন বুঝতে পারছি, একা থেকেও সুখী হওয়া যায়। আবার পৃথিবীর রূপ, রস, গন্ধ মেখেও জীবন পার করা যায়। তবে শরীরে বল না থাকলে ভালোবাসা মোটেও উচিত নয়।

আপনি প্রতিস্থাপন দিয়ে সাময়িক সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু প্রবৃত্তি মেটাতে না পারলে কাপুরুষের ভীরুতা নিয়েই আপনাকে বাকি জীবন পার করতে হবে।

ট্রেন বলুন, প্লেন বলুন কিংবা বাস; গন্তব্যে পৌঁছাতে হলে ধৈর্য আপনার লাগবেই। সেই ধৈর্য এখন আমার আর নেই। ফলে ইদানীং কিছু কথা সরাসরি শুনি, আর কিছু কথা ফিসফিসিয়ে শুনি। কেননা, সোনার মতো হিরার কোনো চালিকাশক্তি নেই; হিরা কেবল কাঁচ কাটার কাজেই ব্যবহার হয়।

সৌন্দর্যের সংজ্ঞা দিনে দিনে আমার কাছে এখন পাল্টে যাচ্ছে। সৌন্দর্যকে আমার কাছে এখন অন্ধকারে বকুল কুড়াতে যাওয়ার মতোই মনে হয়। হাসতে গেলে সঙ্গীর দরকার হয় বলেই এখন একত্রে হাসি; আর একা একা হাসলে লোকে তো পাগল বলবেই।

সত্যি বলতে গেলে, আমি নিজেও সুন্দর নই। সুতরাং আমার যা নেই, তা নিয়ে আফসোস করার স্বভাবও আমার নেই। আর তা ছাড়া, অলৌকিক অন্ধকারের সৌভাগ্য সবার জন্য নয়; বৈশাখে ভেজা সবার সয় না; অরণ্যের নিবিড় ঘ্রাণও সবার জন্য নয়।