পোল্যান্ডে বিচারকদের অন্তর্দ্বন্দ্ব: মাঝআকাশ থেকে বিমান ঘুরিয়ে ফিরলেন প্রেসিডেন্ট
পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি
পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে সাময়িক বরখাস্ত করার জেরে মারাত্মক রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের মুখে পড়েছে পূর্ব ইউরোপের এই দেশটি। ট্রাইব্যুনালের এক বিচারপতির দেওয়া ওই সাসপেনশনের নির্দেশকে কেন্দ্র করে শুক্রবার রাতে দেশজুড়ে চরম বিশৃঙ্খলা ও হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বিদেশ সফর মাঝপথেই বাতিল করে দেশে ফিরে আসেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি।
শুক্রবার পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের সবচেয়ে দীর্ঘমেয়াদী বিচারপতি অ্যানা করউইন-পিওত্রোভস্কা আদালতের প্রেসিডেন্ট বোগদান শভিয়েচকোভস্কি এবং ভাইস প্রেসিডেন্ট বার্তলোমেই সোচানস্কিকে এক মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ওই সময়ের জন্য তিনি নিজে ট্রাইব্যুনালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
এই নির্দেশ জারির পরেই দেশটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রধান বিরোধী দল ‘ল’ অ্যান্ড জাস্টিস’-এর নেতা ইয়ারোস্লাভ কাচিনস্কি ও তাঁর অনুগামীরা রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাতের দিকে ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিরোধও প্রকাশ্যে চলে আসে।
শুক্রবার রাতেই সাংবিধানিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে এক বিবৃতিতে বিচারপতির ওই নির্দেশকে ‘বেআইনি’ বলে ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অ্যানার রায় খারিজ করে জানানো হয় যে, বোগদান শভিয়েচকোভস্কি এখনও বৈধভাবেই প্রেসিডেন্ট পদে বহাল আছেন। এমনকি অ্যানার বিরুদ্ধে ‘অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা’র গুরুতর অভিযোগও তোলে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।
অন্যদিকে, বিচারপতি অ্যানার এই রায়কে খোলাখুলি সমর্থন জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক! ঘটনার সময় সেনেগাল সফরে রওনা হয়েছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি। তবে রাজধানী ওয়ারশসহ দেশের বিভিন্ন প্রান্তে তীব্র অশান্তির খবর পেয়ে স্পেনের আকাশ থেকেই নিজের বিমান ঘুরিয়ে দেশে ফিরে আসেন তিনি।
২০২৩ সালে ডোনাল্ড টাস্ক ক্ষমতায় আসার পর থেকেই পূর্বতন সরকারের নিযুক্ত বিচারকদের সরিয়ে বিচার বিভাগকে পুনর্গঠনের চেষ্টা চালিয়ে আসছেন, যার ফলে সংঘাতের সূত্রপাত ঘটে। এছাড়া, প্রেসিডেন্ট-ঘনিষ্ঠ প্রধান বিচারপতি শভিয়েচকোভস্কির কারণে সরকারের বিভিন্ন প্রশাসনিক সংস্কার কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছিল। সম্প্রতি টাস্ক সরকার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ও তাঁর সহকারীর ওপর থেকে সাংবিধানিক রক্ষাকবচ প্রত্যাহারের অনুমতির জন্যও আবেদন করেছিল। আর তার ঠিক পরেই এই অভাবনীয় নাটকীয় ঘটনার অবতারণা হলো।