৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা সমাপ্ত
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩১-১০-২০২৬) ঢাকার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং অংশগ্রহণকারী সাঁতারুসহ সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।
গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে ৪ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮০০ জন খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩৪টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ মোট ৭৩টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দল ১৬টি স্বর্ণ, ২২টি রৌপ্য এবং ২৬টি ব্রোঞ্জসহ মোট ৬৪টি পদক লাভ করে দ্বিতীয় স্থান, বিকেএসপি ২টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক অর্জনের মাধ্যমে তৃতীয় স্থান অধিকার করে।