দিল্লির ডাগআউটে গুরু-শিষ্য জুটি: সৌরভের করা সেই মজার প্রশ্ন ফাঁস করলেন যুবরাজ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
Main News Image

আইপিএলের আসন্ন আসরে নতুন এক ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেটের দুই পুরনো সেনানীকে। দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আর সহকারী তথা ব্যাটিং কোচের গুরুদায়িত্ব পেয়েছেন যুবরাজ সিং। সম্প্রতি দিল্লি ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে যুবরাজ ফাঁস করেছেন, ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার আগে সৌরভ তাঁকে ঠিক কী প্রশ্ন করেছিলেন।

২০০০সালে সৌরভের অধিনায়কেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল যুবরাজের। ক্যারিয়ারজুড়েই তিনি একাধিকবার স্বীকার করেছেন যে, তাঁর সাফল্যের নেপথ্যে বড় অবদান রয়েছে সৌরভের। খেলোয়াড়ি জীবনের পর এবার কোচিং ডাগআউটেও তাঁরা এক ছাদের নিচে।

দিল্লিতে যোগ দেওয়ার আগের স্মৃতিচারণ করতে গিয়ে যুবরাজ বলেন,"দাদা আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, ‘তুমি কি আমার সহকারী হবে?’ আমি উত্তরে বলেছিলাম, ‘গত ২৫ বছর ধরে তো আমি আপনার সহকারী হিসেবেই কাজ করছি! এখন আর নতুন কী করব, কাজ তো সেই একই থাকবে।’"

আইপিএলের মতো বড় মঞ্চে এই নতুন দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত যুবরাজ। এর আগে শুভমন গিল এবং অভিষেক শর্মার মতো তরুণ প্রতিভাদের গড়ে তোলার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ প্রসঙ্গে তিনি জানান, গত তিন-চার বছর ধরে তিনি দলগত কোচিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারের সঙ্গেই কাজ করেছেন, তবে এবারই প্রথম কোনো পূর্ণাঙ্গ দলের কোচিং প্যানেলে কাজ করার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁর।

খেলোয়াড় হিসেবে সৌরভের কাছ থেকে পাওয়া শিক্ষা তরুণ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চান যুবরাজ। তিনি আরও বলেন,"দাদার কাছ থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমি পেয়েছি, তা হলো—কীভাবে একটি প্রাণবন্ত ও স্বস্তিদায়ক ড্রেসিংরুম তৈরি করতে হয়। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল দাদার নেতৃত্বে। তিনিই আমাদের বিশ্বাস করতে শিখিয়েছিলেন যে আমরাই সেরা এবং দেশের বাইরেও আমরা ম্যাচ জিততে পারি। আমি বরাবরইদাদাকে বড় ভাইয়ের মতো দেখে এসেছি। সেই বড় ভাইয়ের সঙ্গেই এবার ডাগআউটে কাজ করার সুযোগ পেয়ে আমি দারুণ আনন্দিত।"