এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ এএম
Main News Image

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের শুধু অকৃতকার্য বিষয়গুলোতেই পরীক্ষা দিতে হবে। এবারের পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। এ ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

তবে নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে না। এক মাসের মধ্যেই তারা পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয় হবে। একই সঙ্গে একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে দীর্ঘ সময় পিছিয়ে পড়ার আশঙ্কা এবং মানসিক চাপও কমবে।