‘গাঙ্গুবাঈ’র প্রচারে ভন্সালী প্রোডাকশন্স, নেটিজেনদের নিশানায় প্রযোজনা সংস্থা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ এএম
Main News Image

‘ইথা’ এবং ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নেই। তা সত্ত্বেও আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুরকে বলিউডে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা হয়। আর দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে সামাজিক মাধ্যমে কথার লড়াইও নতুন কিছু নয়।

হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম প্রশংসিত পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী। তবে সম্প্রতি তাঁর প্রযোজনা সংস্থার সামাজিক মাধ্যমের পাতাটি বেশ কিছু বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর আগে গত করওয়া চৌথ উপলক্ষে সংস্থার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ‘হম দিল দে চুকে সনম’ ছবির সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের কয়েকটি স্থিরচিত্র পোস্ট করা হয়েছিল। সে সময়ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রযোজনা সংস্থাকে। এবার শুক্রবার শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ইথা’ সিনেমার প্রচার-ঝলক বা টিজার মুক্তির ঠিক পরেই আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির একটি প্রচারমূলক পোস্ট করল ভন্সালী প্রোডাকশন্স।

‘গাঙ্গুবাঈ’ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করে সংস্থার এক্স হ্যান্ডলে লেখা হয়, “দুনিয়া ওঁর গল্প লিখছিল, গাঙ্গুবাঈ অবশ্য কলম নিজের হাতে তুলে নেন।” এই পোস্টের পরেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকেরই দাবি, ‘ইথা’ ছবির সাফল্য নিয়ে এক ধরনের আশঙ্কা থেকেই এমন কাজ করেছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র নির্মাতারা।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এভাবেই নিজেদের নিরাপত্তাহীনতা প্রকাশ করা হয়! ভক্তরা এমন করলে তা মানায়, কিন্তু একটি দায়িত্বশীল প্রযোজনা সংস্থার পেজ থেকে এমন ছেলেমানুষি কেন?”

অন্য এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “কী অদ্ভুত সস্তা একটি পদক্ষেপ! ঠিক যে দিন ‘ইথা’র প্রচার-ঝলক মুক্তি পেল, ঠিক সেই দিনই এই পোস্ট!” আরও একজন নেটিজেন যোগ করেন, “শ্রদ্ধার সাফল্যে এতটা বিচলিত! তাদের ভেতরের হিংসা ও নিরাপত্তাহীনতা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে।”

যদিও ‘ইথা’ এবং ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নেই, তবুও দুই ছবিই নারীপ্রধান হওয়ায় ‘ইথা’র সঙ্গে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র তুলনা টানছেন অনেকে। আলিয়া অভিনীত ছবিটি বক্সঅফিসে মোটামুটি ভালো ব্যবসা করেছিল। এখন দেখার বিষয়, প্রেক্ষাগৃহে শ্রদ্ধার নতুন ছবিটি কেমন দর্শক সাড়া পায়।

উল্লেখ্য, লক্ষণ উতেকরের পরিচালনায় নির্মিত ‘ইথা’ চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার সঙ্গে বক্সঅফিসের সম্ভাব্য সংঘাত এড়াতেই ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সব ঠিকঠাক থাকলে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইথা’র।