দিল্লির সত্য নিকেতনে ভবন ধস: আটকা বহু শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ এএম
Main News Image

দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। মতিবাগ-২ এলাকার একটি শিব মন্দিরের কাছে অবস্থিত এই ভবনটি মূলত বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের জন্য ‘পেয়িং গেস্ট’ (পিজি) হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিক্ষার্থী ও নাগরিক আটকা পড়েছেন বলে চরম আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-এর সূত্র অনুযায়ী, রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট ভবন ধসের খবর পায়। তথ্য পাওয়ার পরপরই দমকল বাহিনীর একাধিক ইউনিট ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও কয়েকজন শিক্ষার্থী ফোনে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন এবং বাইরের লোকদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। ভেতরে ঠিক কতজন আটকা পড়েছেন—পাঁচ, দশ নাকি বিশ জন—তা নিশ্চিত করে বলা না গেলেও বেশ কয়েকজন শিক্ষার্থী যে ভেতের আটকা পড়ে আছেন তা নিশ্চিত। তবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় ইতোমধ্যে দুই ছাত্রকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনার উদ্দেশ্যে আসা শিক্ষার্থীরা এই ভবনে অবস্থান করছিলেন। বর্তমানে ধ্বংসস্তূপ সরাতে আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে এবং ভেতরের আটকে পড়া সকলকে দ্রুত উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। দুর্ঘটনায় মোট কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রাণহানি ঘটেছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি তথ্য জানানো হয়নি।