আইফোনের লোভে কিশোর খুন চাঞ্চল্য কুমিল্লায়
মায়ের দামী আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না এক নাবালকের। নিখোঁজ হওয়ার পরদিন মিলল তার রক্তাক্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যেই নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড় এলাকায়।
নিহত ছাত্রের নাম ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান। সে বাবা-মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোটবাড়ি সংলগ্ন এলাকায় বাস করত।
যেভাবে নিখোঁজ হয় ইশায়াত
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোনটি সাথে নিয়ে বের হয় ইশায়াত। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। রাত সাড়ে ৬টা পর্যন্ত ফোনটির ট্র্যাকিং লোকেশন পাওয়া যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গন্ধমতী এলাকায়। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে সদর দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার।
লালমাই পাহাড়ে মিলল দেহ
পরদিন শনিবার সকালে লালমাই পাহাড়ের সানন্দা জঙ্গল এলাকায় স্থানীয় কাঠুরিয়ারা বাঁশ কাটতে গিয়ে এক নাবালকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুর ১টা নাগাদ পুলিশ এসে দেহ উদ্ধার করে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
তদন্তে পুলিশ
উদ্ধারকৃত দেহের কাছে আইফোনটি না পাওয়ায় পুলিশের সন্দেহ জোরালো হয়েছে যে, ফোনটি ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানিয়েছেন, ঘটনার গুরুত্ব বুঝে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইশায়াতের সাথে শেষ মুহূর্তে কারা ছিল এবং চুরি হওয়া ফোনটি কোথায় রয়েছে, তা চিহ্নিত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।