ললিত মোদির বায়োপিকে রণবীর সিং!
আইপিএল-এর বিতর্কিত সাবেক কমিশনার ললিত মোদির ঘটনাবহুল জীবন এবার রূপালী পর্দায় আসতে চলেছে। চলচ্চিত্রটি প্রযোজনার উদ্যোগ নিয়েছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’। প্রাথমিক পর্যায়ে থাকা এই ছবির চিত্রনাট্য লেখার কাজ বর্তমানে দ্রুত গতিতে এগোচ্ছে, যার দায়িত্বে রয়েছেন লেখক-প্রযোজক স্নেহা রাজানি।
এই প্রজেক্টের সবচেয়ে বড় চমক—ললিত মোদির চরিত্রে অভিনয়ের জন্য তীব্র আগ্রহ প্রকাশ করেছেন বলিউড তারকা রণবীর সিং। এ বিষয়ে আলোচনার জন্য প্রায় বছর দুয়েক আগে গোপনে লন্ডনে ললিত মোদির বাসভবনে গিয়ে সাক্ষাৎও করেছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে ললিত মোদি জানান, রণবীর নিজেই তাঁর চরিত্রে অভিনয় করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছিলেন। ললিত মোদির কথায়, “রণবীর আমাকে বলেছিল—কেরিয়ারে যদি কোনো বিশেষ চরিত্রে অভিনয়ের ইচ্ছা থেকে থাকে, তবে তা হলো আইপিএল কমিশনার ললিত মোদির চরিত্র। আমি তাকে প্রস্তাব দিইনি, সে নিজেই আগ্রহ দেখায় এবং লন্ডনে এসে আমার সঙ্গে চিত্রনাট্য নিয়ে কথা বলে। রণবীর দারুণ অভিনেতা, আমিও চাই সে-ই আমার চরিত্রে অভিনয় করুক।”
২০১০ সালে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠার পর ভারত ছেড়ে লন্ডনে পাড়ি জমান ললিত মোদি। সংবাদের শিরোনামের আড়ালে থাকা তাঁর সাফল্য, বিতর্ক ও বর্ণময় জীবনকে বড় পর্দায় ফুটিয়ে তোলাই এই সিনেমার মূল উদ্দেশ্য বলে জানা গেছে।
ছবিটি কে পরিচালনা করবেন কিংবা এতে চূড়ান্তভাবে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে চিত্রনাট্য শেষ হলে মোদির চরিত্রে রণবীর সিংকেই দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে।