নড়াইলে দিনব্যাপী নানান কর্মসূচি পালিত

এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম
Main News Image

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি নড়াইল ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী নানান কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল সোমবার সকালে এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালা ও শিশু স্বর্গ এবং জেলা শিল্পকলা একাডেমি, নড়াইলে সকল কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিলো ২০ জন স্থানীয় শিল্পীর অংশগ্রহণে আর্টক্যাম্প, শিশু স্বর্গের তিন শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন উৎসব ও প্রদর্শনী, ‘সুলতান সম্মাননা পদক প্রদান’, সুলতান বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য জনাব মো. আতাউর রহমান এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলা। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবং সভাপতি এসএম সুলতান স্মৃতিসংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল ড. মোহাম্মদ আবদুল ছালাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ জাকির হোসেন। সুলতান বিষয়ক আলোচনা “এস এম সুলতান: জীবন ঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী”-এ মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক জনাব আব্দুল হালিম চঞ্চল। 

অনুষ্ঠানের প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী এমপি বলেন, “চিত্রশিল্পী এসএম সুলতান শুধু আমাদের নড়াইল বা পদ্মা পারের মানুষের কাছে নয়, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে এসএম সুলতান একজন অনন্য চিত্রশিল্পী। এই বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী সম্পর্কে আপনারা সবাই জানেন। এবছর থেকে আমরা ‘সুলতান সম্মাননা পদক প্রদান’ চালু করেছি। স্কুলভিত্তিক আয়োজনের দিকে আমাদের দৃষ্টি থাকবে। এসএম সুলতানের ভাবনা অনুযায়ী, ছোট ছোট স্কুলের বাচ্চারা, গ্রামের ছেলেমেয়েরা যদি চিত্রকর্মে উৎসাহিত হয় এবং তাদের যদি সুযোগ সৃষ্টি করে দেয়া যায় তাহলে তারা চিত্রাঙ্কন করবে। তারা পড়াশোনা এবং আর্টের পাশাপাশি অন্যান্য শিল্পচর্চাও করবে। তাহলে তাদের বুদ্ধিবৃত্তি উন্মীলিত হবে প্রস্ফুটিত হবে। অর্থাৎ সে কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে। এইটা আমরা সে গুরুত্ব অনুভব করি।

অনুষ্ঠানে বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় শিল্পী, গবেষক, লেখক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছাপচিত্র শিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য শিল্পসাধনা, সৃজনশীলতা এবং বাংলাদেশের শিল্পাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ প্রদান করা হয়। 

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।