‘অদা অপনী অপনী’ আসছে
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল আমির খান ও সালমান খান অভিনীত জনপ্রিয় কমেডি ছবি ‘অন্দাজ় অপনা অপনা’। দীর্ঘ তিন দশক ধরে এই কাল্ট ক্লাসিক ছবির দ্বিতীয় ভাগের (সিক্যুয়েল) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। তবে সত্যিই কি ফিরছে এই সুপারহিট জুটি? অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন ছবির পরিচালক রাজকুমার সন্তোষী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ‘অন্দাজ় অপনা অপনা’র কোনো সিক্যুয়েল তৈরি করছেন না। কারণ তিনি ব্যক্তিগতভাবে কোনো ছবির সিক্যুয়েলে বিশ্বাসী নন। তবে ভক্তদের একবারে হতাশ করেননি তিনি; সন্তোষী জানিয়েছেন, একই ঘরানার এবং একই ধাঁচের একটি নতুন কমেডি-অ্যাডভেঞ্চার ছবি নিয়ে কাজ করছেন তিনি, যার নাম রাখা হয়েছে ‘অদা অপনী অপনী’।
পরিচালকের ভাষায়, “আমি সিক্যুয়েল বানাই না। ‘অন্দাজ় অপনা অপনা’ আগেই তৈরি হয়ে গেছে। তবে আমি একই মেজাজের ও একই ঘরানার একটি কমেডি-অ্যাডভেঞ্চার ছবি করছি— ‘অদা অপনী অপনী’।” নতুন এই ছবিতে ১৯৯৪ সালের মূল ছবির মতোই থাকবে হাস্যরস ও দুর্দান্ত সঙ্গীত। তবে গল্প এবং চরিত্রের রসায়ন হবে সম্পূর্ণ নতুন।
সালমান ও আমিরের অনুরাগীদের জন্য এই সিনেমাটি বিশেষ উপহার হতে চলেছে বলে জানান রাজকুমার সন্তোষী। তবে নতুন ছবিতে কারা অভিনয় করবেন, তা নিয়ে এখনই কিছু বলতে চাননি পরিচালক। তাঁর মতে, অভিনেতা নির্বাচন নিয়ে কথা বলার সঠিক সময় এখনও আসেনি।
উল্লেখ্য, ১৯৯৪ সালে মুক্তির সময় বক্সঅফিসে বড় ধরনের সাফল্য না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে ‘অন্দাজ় অপনা অপনা’ হিন্দি সিনেমা জগতে এক অনবদ্য ‘কাল্ট ক্লাসিক’-এর মর্যাদা পায়। সালমান ও আমিরের পাশাপাশি রবীনা টন্ডন, করিশ্মা কপূর, শক্তি কপূর এবং দ্বৈত চরিত্রে পরেশ রাওয়ালের অভিনয় দর্শকদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। ছবিটির মজার পরিস্থিতি ও অনন্য সংলাপ আজও সিনেমাপ্রেমীদের স্মৃতিতে সমান উজ্জ্বল।