আমার ঘোড়া পাগল, না আমি?
প্রেম, ভালোবাসা এগুলো দ্বিপাক্ষিক বিষয়। যে সম্পর্ক আপনাকে একাই টেনে নিয়ে যেতে হয়, তার দড়ি ছেড়ে দিন। তাতে আপনারই লাভ। তবে এ কথাও ঠিক যে, প্রত্যেকটা মানুষই মনোগতভাবে বহুগামী; সবাই যার যার মতো করেই স্বার্থপর। কোনো কারণ ছাড়া কিংবা তুচ্ছ যে কোনো কারণেই একটা সম্পর্ক হতে পারে, কিন্তু ভাঙার জন্য অনেকগুলো কারণ লাগে।
কথাটা এই জন্যই বললাম। আজ রান্না করার সিডিউলে আমার দ্বিতীয় দিন। আজ রান্না করেছি মেডিটেরেনিয়ান চিকেন উইথ লেমন অ্যান্ড হানি, ম্যাশড পটেটো, এবং গার্লিক অ্যান্ড অনিয়ন রাইস। অথচ এটি তাঁর পছন্দ হয়নি। ফলে আজ তাঁর খাওয়া হয়নি। ফলে যা হওয়ার, পাঠক নিশ্চয়ই তা বুঝতে পারছেন!
হ্যাঁ, শুরুতেই যা বলছিলাম, প্রেম, ভালোবাসা এগুলো দ্বিপাক্ষিক বিষয়। ইচ্ছা করলেই মানুষকে ভুলে যাওয়া খুব কঠিন কাজ নয়। যুক্তিহীন কথা কখনোই সমালোচনা কিংবা মন্তব্য হতে পারে না। সমালোচনা করতে হলে বিষয়টির উপর শিল্পতত্ত্ব, সাহিত্যতত্ত্ব ও নন্দনতত্ত্বের মৌলিক এবং প্রাথমিক ধারণা অবশ্যই থাকতে হবে। কথায় যুক্তিপূর্ণ বিশ্লেষণ থাকতে হবে। অথরিটেরিয়ান মন্তব্য, সেটা মন্তব্য নয়; ওটা শাসন। কনফিডেন্সের চেয়ে বড় মেকআপ প্রোডাক্ট এই দুনিয়ায় আর নেই। মন্তব্য করতে হলে কনফিডেন্সের লেভেলটাও সে রকম হওয়া চাই।
লক্ষ্য করুন, কোনো কোনো পাঠক কবিতার প্রেমে পড়ে, আবার কোনো কোনো পাঠক কবির প্রেমে পড়ে। আমার বেলায় ও দুটোর কোনোটাই সত্য নয়। ক্ষত আর কষ্ট, দুটো আলাদা শব্দ হলেও উৎপত্তিস্থল কিন্তু একটাই, অর্থাৎ অন্তর। ব্যর্থতা মানেই সমাপ্তি নয়, আর সত্য কখনোই তাড়াহুড়া করে না; সে অপেক্ষা করে। "একটা সময় সব ঠিক হয়ে যাবে" এটা মিথ্যা কথা। সময় শুধু মানুষকে সহ্য করতে শেখায়। যে অনিবার্য সত্যগুলো রয়েছে, সেগুলো গ্রহণ করতে আমরা কেউই প্রস্তুত নই। এটাই মূল কথা।
একজন পাঠক আমাকে একবার প্রশ্ন করেছিলেন, "আচ্ছা, আপনার মৃত্যুর পর আপনি কোথায় আপনার কবর চান?" রেগে যাইনি। স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছিলাম, "লঞ্চে যাওয়ার সময় যদি লঞ্চডুবিতে মৃত্যু হয়, তাহলে ১৫০ ফুট পানির নিচে; আর যদি প্লেন ক্র্যাশে মৃত্যু হয়, তাহলে নিশ্চিত আমাজনের কোনো গহীন অরণ্যে কিংবা ভূমধ্যসাগরের তলদেশে।"
এই হচ্ছি আমি। যে কোনো পরিস্থিতিতে রেগে যাই না, চোখ আমার গোল গোল হয় না, হাত-পা ছোড়াছুড়ি করি না। বড় জোর দু-এক গাছি চুল ছিঁড়ি, যদিও তা এখন অপ্রতুল। আচ্ছা, আপনারাই বলুন, কারও বোধ যদি ভোঁতা হয়, তার দায় আমি কেন নেব? আর তা ছাড়া, সবার পরিধি তো নির্ধারণ করাই আছে; ওটা মেনে নিলেই হয়। মনের পূর্ণ মিল কখনোই সম্ভব নয়।
আমি আমার নিজের কথা বলতে পারি। আমি কমপ্লিট ফুল নই, আবার বোকাও নই। যে কোনো বিষয়ে দু-বার ভাবার মানুষ আমি নই। তারপরও ভাবি, সরল ও সহজ পথ আমি পাই না কেন? তাহলে আমি কি পাগল, নাকি আমার ঘোড়া পাগল? আর ঘোড়া পাগল হলে দুর্ঘটনা তো নিশ্চিত হবেই।