জাতিসংঘে তারেক রহমান: জিয়া পরিবারের ৩য় সদস্যের ঐতিহাসিক ভাষণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
Main News Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

 আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের মঞ্চে বক্তব্য রাখার এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি।

এর আগে জিয়া পরিবারের প্রথম সদস্য হিসেবে ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন তাঁর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৯৩ সালের ১ অক্টোবর ৪৮তম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য রাখেন তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে জাতিসংঘের স্মারক সভা ও বিশেষ অধিবেশনসহ মোট পাঁচবার সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে ভাষণ দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তাঁর নির্ধারিত ভাষণ প্রদান করবেন।

ভাষণের মূল বিষয়বস্তু ও অগ্রাধিকার
জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন:
জলবায়ু ঝুঁকির মুখোমুখি বাংলাদেশের অবস্থান, অগ্রাধিকার ও বৈশ্বিক অর্থায়নের জোর দাবি তুলে ধরা হবে।

রোহিঙ্গা সংকট: রোহিঙ্গা সংকটের টেকসই ও দ্রুত সমাধানের বিষয়টিকে সফরের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

নতুন দৃষ্টিভঙ্গি ও গণতান্ত্রিক রূপান্তর: দেশে সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যতের উন্নয়ন ভাবনা, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক সম্ভাবনার চিত্র বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করা হবে।

বৈশ্বিক শান্তি ও বিচার: আন্তর্জাতিক সংকট নিরসন, শান্তি প্রতিষ্ঠা এবং বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করবেন প্রধানমন্ত্রী।

এবারের ৮১তম অধিবেশনটি বাংলাদেশের জন্য আরও একটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।