সালমান খান ফিল্মসের ওপর ক্ষুব্ধ অমাল মালিক
২০১৫ সালের ছবি ‘হিরো’-র একাদশ বর্ষপূর্তি উপলক্ষে ‘সালমান খান ফিল্মস’-এর একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। ছবির একটি জনপ্রিয় গানের উদযাপনী পোস্টে নেপথ্যের সুরকার ও গীতিকারদের নাম উল্লেখ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক ও গায়ক অমাল মালিক।
পোস্টের মন্তব্য বাক্সে অমাল লেখেন, গান তৈরির নেপথ্যে সঙ্গীত পরিচালক ও গীতিকারের শ্রম, ঘাম এবং আবেগ জড়িয়ে থাকে। অথচ সেই স্রষ্টাদের প্রাপ্য স্বীকৃতি না দিয়েই উদযাপন চালানো হচ্ছে, যা অত্যন্ত বিস্ময়কর।
প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া টিমের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, আগে পেশাদার শিষ্টাচার শেখা উচিত, তা না হলে পেজটিই মুছে ফেলা উচিত। নিজের মন্তব্যটি যেন ডিলিট না করা হয় সেই অনুরোধ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সলমন খান যেন তাঁর দলের এই ভুলের কথা জানতে পারেন।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত নিখিল আডবাণী পরিচালিত ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সূরজ পঞ্চোলী ও অথিয়া শেট্টী। ছবিটিতে অমাল মালিকের পাশাপাশি মিট ব্রাদার্স, সচিন-জিগর এবং জ্যাসি কাটিয়াল সঙ্গীত পরিচালনা করেছিলেন।
বলিউডে সঙ্গীতস্রষ্টাদের প্রাপ্য অধিকার ও সম্মান না পাওয়া নিয়ে অমাল মালিক এর আগেও একাধিকবার সরব হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ইন্ডাস্ট্রির প্রভাবশালী কিছু মানুষের কারণে গত কয়েক বছরে প্রায় ৬০টিরও বেশি কাজ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। সেই ঘটনার পর সলমন খান ফিল্মসের ওপর তাঁর এই প্রকাশ্য ক্ষোভ বলিউডের সঙ্গীত জগতের অভ্যন্তরীণ বঞ্চনাকে ফের সামনে নিয়ে এল।