বড় চমক দীপিকা-রণবীরের: ফের মা-বাবা হচ্ছেন তারকা জুটি
কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের ২ বছরের জন্মদিনে ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে এলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সাদাকালো ছবি শেয়ার করে নিজেদের জীবনের নতুন এক অধ্যায়ের বার্তা দিয়েছেন এই তারকাদম্পতি। প্রকাশ্যে আসা মাতৃত্বকালীন ফটোশুট ইঙ্গিত দিচ্ছে, খুব শিগগিরই ‘দিদি’ হতে চলেছে দুয়া— অর্থাৎ দ্বিতীয়বারের মতো মা-বাবা হতে যাচ্ছেন রণবীর ও দীপিকা।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর শুভ দিনে প্রথমবার মা-বাবা হয়েছিলেন দীপিকা ও রণবীর। দেখতে দেখতে দু’বছর পেরিয়ে কন্যা দুয়া পা রাখল দ্বিতীয় বছরে। মেয়ের এই জন্মদিনটিকেই উদযাপনের জন্য বেছে নেন তারকা জুটি। শেয়ার করা ছবিগুলিতে মা-বাবার সঙ্গে ছোট্ট দুয়ার নানা মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে। কোথাও দেখা গেছে মেয়ের সঙ্গে তাদের চঞ্চল খুনসুটি, আবার কোথাও রণবীর-দীপিকার চিরচেনা রোমান্টিক রসায়ন। অ্যালবামটি শেয়ার করে যৌথ ক্যাপশনে তাঁরা লিখেছেন, “বেবি দুয়ার সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ।”
সন্তানের জন্মের পর থেকেই দুয়াকে প্রচারের আলো থেকে কিছুটা দূরে রেখেছিলেন এই দম্পতি। গত বছরের দীপাবলিতে প্রথমবার মেয়ের মুখ প্রকাশ্যে আনলেও মাঝে বেশ কিছুদিন তাকে সেভাবে দেখা যায়নি। জন্মদিনের এই বিশেষ অ্যালবামে দুয়াকেই তাদের পরিবারের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।
এদিকে দুয়ার জন্মের পর থেকেই রণবীর সিংয়ের পেশাগত জীবনে ফিরেছে দারুণ সাফল্য। দীর্ঘ খরা কাটিয়ে বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর মতো বিশাল ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ার পর তাঁর হাতে এখন রয়েছে একাধিক বড় বাজেটের কাজ। ক্যারিয়ারের এই চমৎকার সময়েই মেয়ের জন্মদিনে দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে ভক্তদের আনন্দের মাত্রা দ্বিগুণ করে দিলেন রণবীর ও দীপিকা।