চার্টার্ড বিমানকে ‘খেলনা প্লেন’ বলে বিপাকে নোরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
Main News Image

সোশ্যাল মিডিয়ায় চার্টার্ড বিমান নিয়ে মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। একটি বেসরকারি এভিয়েশন সংস্থার বিমান নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা দায়ের করা হয়েছে। গুজরাতের গান্ধীনগর আদালতে মামলাটি করেছে ‘ডিউন্স এভিয়েশন’ (Dunes Aviation) নামে এক চার্টার্ড বিমান সংস্থা।

ঘটনার সূত্রপাত

গত বছরের ডিসেম্বর মাসে মুম্বই থেকে জয়পুর যাওয়ার জন্য ডিউন্স এভিয়েশনের ৮ আসনের একটি ‘সেসনা সাইটেশন সিজে২’ চার্টার্ড বিমান ভাড়া করেন নোরা। যাত্রাপথে বিমানের ভেতরের ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন অভিনেত্রী। ৪ কোটি ৬০ লাখেরও বেশি অনুগামী থাকা সেই অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে তিনি বিমানটিকে ঠাট্টা করে ‘খেলনা প্লেন’ ও ‘মিনিয়েচার প্লেন’ বলে আখ্যা দেন।

সংস্থার অভিযোগ ও ব্যবসায়িক ক্ষতি

ডিউন্স এভিয়েশনের দাবি, নোরার মতো প্রভাবশালী তারকার কারিগরি জ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের ফলে সাধারণ মানুষের মনে বিমানটির নিরাপত্তা নিয়ে ভুল বার্তা গেছে। সংস্থাটির অভিযোগ, এই পোস্টের পর থেকে তাদের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং ফ্লাইট বাতিলের হার বৃদ্ধি পেয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

সংস্থাটি জানায়, বিমানটি অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা (DGCA) দ্বারা সার্টিফাইড এবং বৈধ ‘নন-শিডিউল্ড অপারেটরস পারমিট’ (NSOP) নিয়েই সম্পূর্ণ নিরাপদে পরিচালিত হচ্ছিল।

আইনি দাবি ও পরবর্তী শুনানি

সংস্থাটি আদালতের কাছে ৩ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি আরও কিছু পদক্ষেপের দাবি জানিয়েছে। নোরার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ভিডিওগুলো অবিলম্বে মুছে ফেলা।

অভিনেত্রীর পক্ষ থেকে প্রকাশ্যে ও লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করা। আগামী ২৫ সেপ্টেম্বর গান্ধীনগর আদালতে বিচারক আর আগরওয়ালের এজলাসে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।