ভাস্বর চট্টোপাধ্যায়ের ব্যবচ্ছেদ করা মাছ চুরি করল কাক!

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
Main News Image

ভাস্বর চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে জীবনের নানা স্মরণীয় মুহূর্ত ভাগ করে নেন। সম্প্রতি তিনি তুলে ধরেছেন তাঁর আশুতোষ কলেজের ছাত্রজীবনের এক অদ্ভুত ও হাস্যরসাত্মক ঘটনা।

বিজ্ঞানের ছাত্র ভাস্বরের ছবি আঁকার হাত বরাবরই চমৎকার ছিল, তাই Zoology প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভালো নম্বর পাওয়া তাঁর জন্য সহজই ছিল। কিন্তু বিএসসি (B.Sc) চূড়ান্ত বর্ষের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। পরীক্ষা চলাকালীন ডিপার্টমেন্টের বড় ঘরের একদম কোণের আসনে বসে তাঁকে একটি মাছের ব্যবচ্ছেদ (dissection) করতে দেওয়া হয়েছিল। ভাস্বর দ্রুত কাজ শেষ করে, পিন দিয়ে মাছটি ট্রেতে আটকে রেখে অন্য কলেজ থেকে আসা বহিরাগত পরীক্ষককে ডেকে আনতে যান।

ফিরে এসে দেখেন ট্র্যে খালি, মাছ গায়েব! প্রথমে সহপাঠীদের রসিকতা ভেবে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি—যদি প্র্যাকটিক্যালে ডাহা ফেল করতে হয়! কিন্তু তখনই আশুতোষ কলেজের বড় জানলার বাইরের কার্নিশে চোখ পড়তে ভেসে ওঠে আসল দৃশ্য। দেখা যায়, একটি কাক তাঁর ব্যবচ্ছেদ করা মাছটি নিয়ে মনের আনন্দে খাচ্ছে।

ভাস্বর তড়িঘড়ি স্যারকে বিষয়টি দেখালে স্যারও আর হাসি চেপে রাখতে পারেননি। রসিকতা করে শিক্ষক মন্তব্য করেন, ‘পোড়া শোল মাছ পালানোর গল্প শুনেছিলাম, কিন্তু এমন কেস এই প্রথম দেখলাম!’ কলেজবেলার এই মজার স্মৃতিটি নেটিজেনদেরও বেশ আনন্দ দিয়েছে।