কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মহানায়ককে জন্মশতবর্ষে বিশেষ শ্রদ্ধা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
Main News Image

বাঙালির আবেগে মহানায়ক উত্তমকুমার আজও সমান ভাস্বর। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত উদযাপনের অংশ হিসেবে আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) যুক্ত হতে চলেছে মহানায়কের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। কালজয়ী ও স্মরণীয় সিনেমাগুলোর রূপালী পর্দায় পুনরাগমনে সিনেপ্রেমীরা পেতে যাচ্ছেন এক দারুণ উপহার।

গত ৩ সেপ্টেম্বর টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই শতবর্ষ উদযাপনের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে একমঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তের মতো টালিগঞ্জের বিভিন্ন প্রজন্মের তারকারা। উদ্বোধনের পর রাজপথে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় মহানায়কের স্মৃতি ও জনপ্রিয় সিনেমাগুলোকে উদ্‌যাপন করা হয়।

শোভাযাত্রা শেষে নন্দনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তারকারা বিশেষ পরিবেশনার মাধ্যমে মহানায়কের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে একটি বড় বার্তা উঠে আসে—শিল্প ও সংস্কৃতির কাছে কোনো রাজনৈতিক দল বা রঙের ভেদাভেদ নেই; মহানায়কের প্রতি ভালোবাসা সবাইকে এক সূত্রে গেঁথেছে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ উপস্থিত তারকারা এই সংহতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

শতবর্ষের এই উদযাপন কেবল স্মৃতিকথাতেই সীমাবদ্ধ থাকছে না। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত বিখ্যাত চলচ্চিত্রগুলো প্রদর্শনের মধ্য দিয়ে নতুন ও পুরনো প্রজন্মের দর্শকদের কাছে মহানায়ককে আরেকবার জীবন্ত করে তোলা হবে।