হার্দিক-আমিশার ভিডিও নিয়ে গুঞ্জন, স্পষ্ট জবাব অভিনেত্রীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
Main News Image

মাঠের ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবনের খবরের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে চার বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার পর মডেল মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন সামনে আসে। তবে সম্প্রতি বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে তাঁর একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যম রেডিটে বেঙ্গালুরুর একটি হোটেলের দৃশ্য দাবি করে কিছু ছবি ও ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, একটি পার্টিতে হার্দিক পান্ডিয়ার কাঁধে হাত রেখে নাচছেন আমিশা প্যাটেল। এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তাঁদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে নেটপাড়ায় জল্পনা তুঙ্গে ওঠে।

তবে এই গুঞ্জন এড়িয়ে যাননি 'গদর' খ্যাত এই অভিনেত্রী। ঘটনার ট্রোলিংয়ের জবাবে ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, "আমার হাত ওর কাঁধে রাখাটা যদি তোমার কাছে রোমান্টিক মনে হয়, তবে তুমি ভুল ভাবছ। আমি তোমাকে চিনি না, তবে নিশ্চিত তোমার কোনো বান্ধবী নেই। ভবিষ্যতে এই ধরনের পোস্ট করার আগে একটু ভেবেচিন্তে করা উচিত।"

আমিশার এই স্পষ্ট বার্তার পর হার্দিকের সঙ্গে তাঁর প্রেমের খবরটি যে স্রেফ গুঞ্জন, তা পরিষ্কার হয়ে গেল।