ডিজিটাল তুলিতে নচিকেতাকে জন্মদিনের শুভেচ্ছা চঞ্চলের
ভক্তদের কাছে ‘আগুনপাখি’ নামে পরিচিত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ২ সেপ্টেম্বর এই নন্দিত শিল্পীর জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত ও সতীর্থদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।
নচিকেতার জন্মদিন উপলক্ষে বিশেষ উপহার দিয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। জন্মদিনের দিন পেরিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নচিকেতার একটি পোর্ট্রেট প্রকাশ করেন তিনি। ডিজিটাল তুলিতে আঁকা ছবিটিতে ফুটে উঠেছে নচিকেতার চেনা অবয়ব।
ছবিতে এলো চুল, খোঁচা দাড়ি-গোঁফ ও মুখে হাসি দেখা গেছে নচিকেতার। বোতাম খোলা শার্টের ভেতরে টি-শার্ট পরা শিল্পীর পরিচিত সাজও নিখুঁতভাবে তুলে ধরেছেন চঞ্চল। ছবির সঙ্গে নচিকেতাকে জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি।
চঞ্চলের আঁকা পোর্ট্রেট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেন অনেকেই। একই সঙ্গে নচিকেতাকেও জন্মদিনের শুভেচ্ছা জানান ভক্তরা।
অভিনয়ের পাশাপাশি গান ও ছবি আঁকায়ও পারদর্শী চঞ্চল চৌধুরী। এর আগে তিনি হুমায়ূন আহমেদ, লিওনেল মেসি, মৃণাল সেন, সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মোশাররফ করিমসহ বহু পরিচিত ব্যক্তির পোর্ট্রেট এঁকেছেন।
১৯৬৫ সালের ২ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নচিকেতার। তবে তার পৈতৃক বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। ১৯৯৩ সালে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম অ্যালবামেই ব্যাপক সাফল্য পান এই শিল্পী।
জীবনমুখী গানের জন্য দ্রুতই আলাদা পরিচিতি তৈরি করেন নচিকেতা। এরপর একক ও যৌথভাবে বহু অ্যালবাম প্রকাশের পাশাপাশি সিনেমাতেও গান করেছেন। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের জগতে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করেছেন।