১২ বছরের সম্পর্কের সমীকরণে দেব-শুভশ্রী

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
Main News Image

দীর্ঘ ১২ বছরের বিরতির পর পর্দায় ফের একসঙ্গে ফিরেছে দেব-শুভশ্রী জুটি। 'ধূমকেতু' ঘিরে দর্শকদের বিপুল উন্মাদনা দেখার পরই শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নতুন ছবি 'দেশু ৭'-এর প্রস্তাব দেন দেব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নতুন ছবির টিজার মুক্তির দিন লাইভে এসে নিজেদের এই পুনর্মিলন ও সম্পর্কের সমীকরণ নিয়ে খোলামেলা আলোচনা করেন দুই তারকা। দেব জানান, কাজের খাতিরে যোগাযোগ সবসময় না থাকলেও তাঁদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল শুধুই সিনেমা। এমনকী শুভশ্রীর বিয়ের আগের দিনও তাঁদের মধ্যে কথা হয়েছিল।

অভিনয়ের পাশাপাশি দেবের কাজের প্রতি নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন শুভশ্রী। দীর্ঘ সময় পর রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রথম দিকে দু'জনের মধ্যেই কিছুটা অস্বস্তি কাজ করলেও, পেশাদার শিল্পী হিসেবে দ্রুতই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন তাঁরা। বাজেটের কথা ভেবে প্রথমে লাদাখের বদলে ব্যাঙ্ককে শুটিংয়ের পরিকল্পনা করা হলেও, শেষ পর্যন্ত ছবির মানের সঙ্গে কোনো আপস না করে লাদাখেই শুটিং সম্পন্ন করেন প্রযোজক ও অভিনেতা দেব।

বিগত বারো বছরে দু'জনের ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমীকরণে এসেছে বড় পরিবর্তন। দেবের মতে, শুভশ্রী এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলাতে পারেন। পুরনো স্মৃতি ঘেঁটে দেব মন্তব্য করেন, এই পরিণত বোধটি যদি অতীতে তাঁদের মধ্যে থাকত, তবে হয়তো তাঁদের আলাদা হতে হতো না; কারণ তখন দু'জনেই খুব সরল ছিলেন। বর্তমানে দু'জনের মধ্যেই পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যবোধ বজায় রয়েছে, যা সোশ্যাল মিডিয়ার অহেতুক জল্পনার ঊর্ধ্বে।