চলন্ত বাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সরব ভূমি

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম
Main News Image

ভূমি পেডনেকর। ছবি: সংগৃহীত

দিল্লি-এনসিআরে চলন্ত বাসে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। নারীদের সুরক্ষা ব্যবস্থা এবং বারবার ঘটে চলা এমন বর্বরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের মৈনপুরীর বাসিন্দা একাদশ শ্রেণির এক ছাত্রী পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হন। পথ হারিয়ে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গ্রেটার নয়ডার প্যারিচকে আটকে পড়ার পর একটি বাসকে থামার সংকেত দেন তিনি। সেসময় বাসে কোনো যাত্রী না থাকলেও কন্ডাক্টর তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসে তোলেন। বাসটি চলতে শুরু করলে কন্ডাক্টর ও চালক মিলে চলন্ত বাসের ভিতরেই তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান এবং বিষয়টি জানাজানি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরবর্তীতে তাঁকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যান।

ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ও পকসো (POCSO) আইনে মামলা দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উত্তর দিল্লির তিমারপুর থেকে বাসটিকে বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসা পরীক্ষায় নির্যাতনের প্রমাণ পাওয়ার পর অভিযুক্ত চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে তাঁর বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভূমি পেডনেকর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “How can we see this happen again and again and again! Shame!” নারী সুরক্ষা নিয়ে লাগাতার প্রচার সত্ত্বেও কীভাবে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, সেই প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে, ঘটনার স্থান ও এক্তিয়ার নিয়ে দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের মধ্যে প্রশাসনিক সমন্বয়ের অভাব ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।