শিরিন পাল এখন দেবপর্ণা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
Main News Image

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘অপর্ণা’ চরিত্র থেকে বেরিয়ে এসে নতুন রূপে দর্শকসমক্ষে হাজির হয়েছেন অভিনেত্রী শিরিন পাল। আরজি কর কাণ্ডের ছায়ায় নির্মিত ‘অজেয়া’ ওয়েব সিরিজ়ে ‘দেবপর্ণা’ নামের এক নির্যাতিতার চরিত্রে অভিনয় করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ছোটপর্দার পরিচিত ইমেজের বাইরে গিয়ে এই ধরনের একটি জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করা ছিল তাঁর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।

সিরিজ়ে বেশ কিছু সংবেদনশীল ও কঠিন দৃশ্য থাকলেও শুটিংয়ের অভিজ্ঞতা ছিল যথেষ্ট স্বস্তিদায়ক। শিরিনের কথায়, সেটের সবাই তাঁর স্বাচ্ছন্দ্যের বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন এবং সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। নির্যাতিতার চরিত্রটির মানসিক যন্ত্রণা গভীর ভাবে ভেবে নিজের ওপর চাপ সৃষ্টি না করে, তিনি সহজ ভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন। ফলে কাজ শেষে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে বা চরিত্র থেকে বের হতে তাঁকে আলাদা করে বেগ পেতে হয়নি। পুরো কাজের প্রক্রিয়াটি তিনি উপভোগই করেছেন।

বর্তমানে ছোটপর্দায় কাজ না করলেও ভালো কাজের সুযোগ পেলে তা গ্রহণ করতে আগ্রহী শিরিন। অভিনয়ের পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু নতুন প্রকল্পের কথা চলছে। তবে বিষয়গুলি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চান না অভিনেত্রী।