সঙ্গীতের জগতে হৃতিক-পুত্রের আত্মপ্রকাশ!
অভিনয়ের পর এবার সঙ্গীতের জগতে পা রাখল বলিউড তারকা হৃতিক রোশনের পরিবার। রোশন পরিবারের দীর্ঘদিনের সঙ্গীত ঐতিহ্যের ধারক হয়ে নতুন প্রজন্ম হিসেবে স্বাধীন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন হৃতিক-পুত্র রেহান রোশন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর প্রথম ইংরেজি সিঙ্গল ‘This Heavenly Place’। প্রথম গান প্রকাশের পরপরই পরিবারের সদস্য ও অনুরাগীদের কাছ থেকে প্রশংসায় ভাসছেন তিনি।
প্রকাশিত এই গানে রেহানকে কেবল কণ্ঠশিল্পী হিসেবেই পাওয়া যায়নি, একই সঙ্গে গানটির গীতিকার ও গিটারিস্টের ভূমিকাও তিনি নিজেই সামলেছেন। গানটির প্রযোজনা করেছেন সুদান এবং ‘A&R’-এর দায়িত্বে রয়েছেন অঙ্কুর তিওয়ারি। মিউজিক ভিডিয়োতে কোনো কৃত্রিম চাকচিক্য না রেখে সাদা-কালো আবহে কেবল রেহানের কণ্ঠ ও বাদ্যযন্ত্রের মেলবন্ধনকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা পুরো পরিবেশনাটিকে করেছে নান্দনিক।
ছেলের এই নতুন যাত্রায় গর্বিত পিতা হৃতিক রোশন সামাজিক মাধ্যমে গানটির একটি ভিডিও চিত্র শেয়ার করে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। হৃতিক জানান, রেহানের মধ্যে জন্মগতভাবেই সঙ্গীত নিয়ে এক সহজাত বোধ ও অন্তর্দৃষ্টি রয়েছে, যার ওপর তাঁর গভীর বিশ্বাস। রোশন পরিবারের এই নতুন অধ্যায় তরুণ শিল্পীর সঙ্গীত ক্যারিয়ারে এক বিশেষ মাইলফলক হয়ে থাকবে।