'বডি ডাবল' পরভেজের চিকিৎসায় পাশে সালমান খান
বলিউড তারকা সালমান খান আরও একবার প্রমাণ করলেন যে, তাঁর দীর্ঘদিনের পথচলায় সঙ্গে থাকা সহকর্মীদের বিপদে তিনি সব সময় পাশে থাকেন। সম্প্রতি তাঁর দীর্ঘদিনের 'বডি ডাবল' পরভেজ কাজী অসুস্থ হয়ে পড়ার পর সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দেন এই অভিনেতা। চলতি মাসের শুরুতে পরভেজের হৃদ্যন্ত্রে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনীয় যাবতীয় সহায়তার বিষয়টি ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছেন সালমান।
গত ৬ আগস্ট নিজ বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরভেজ। শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল যে কোনো সিনেমার শুটিং সেটে তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। তবে পরবর্তীতে তাঁর সহকারী পীযূষ বিষয়টি স্পষ্ট করে জানান যে, ঘটনাটি শুটিং চলাকালীন ঘটেনি। শারীরিক অসুস্থতা বোধ করায় পরভেজ চিকিৎসকের কাছে যান এবং একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসকেরা তাঁর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করেন।
পরভেজের এই অসুস্থতার খবর পাওয়ামাত্রই চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করেন সালমান। পীযূষের ভাষ্যমতে, সালমান পরভেজকে নিজের ভাইয়ের মতো দেখেন এবং কঠিন এই সময়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসার দায়িত্ব সামলেছেন। বর্তমানে পরভেজ আগের চেয়ে ভালো আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ হয়ে উঠছেন। কঠিন দিনে সালমান পাশে দাঁড়ানোয় তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরভেজ।
এই ঘটনা সালমানের আসন্ন প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবি 'মনস্টার'-এর শুটিং সূচি নিয়ে সাময়িক উদ্বেগ তৈরি করলেও, পরভেজ পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেই কেবল কাজ শুরু করবেন। তাঁর শারীরিক সুরক্ষার কথা চিন্তা করে স্টান্ট দৃশ্যের সূচিতেও কিছু পরিবর্তন এনেছেন নির্মাতারা।
উল্লেখ্য, 'প্রেম রতন ধন পায়ো', 'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়', 'রেস ৩' এবং 'দবং ৩'-এর মতো জনপ্রিয় ছবিগুলোতে সালমানের বডি ডাবল হিসেবে দীর্ঘ দিন কাজ করছেন পরভেজ। কঠিন সময়ে সালমান ও পরভেজের এই পারিবারিক সম্পর্ক চলচ্চিত্র পাড়ায় বেশ প্রশংসিত হচ্ছে