যমজ দুই একরত্তির বাবা-মা আদিত্য-অনুষ্কা!

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ এএম
Main News Image

বলিউড অভিনেতা আদিত্য সীল ও তাঁর স্ত্রী অনুষ্কা রঞ্জনের কোল আলো করে এসেছে যমজ কন্যাসন্তান। গত ২৩ আগস্ট তাঁদের পরিবারে এসেছে এই দ্বিগুণ আনন্দ। সামাজিক মাধ্যমে সুখবরটি ভাগ করে নিয়ে নিজেদের দুই একরত্তির নামও প্রকাশ করেছেন এই তারকাদম্পতি।

দুই মেয়ের নাম ও অনুভূতি প্রকাশ

অনুষ্কা ও আদিত্য তাঁদের দুই কন্যাসন্তানের নাম রেখেছেন বীরা রঞ্জন সীল এবং মাহী রঞ্জন সীল। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিশেষ ফটোকার্ডে দুই সন্তানের নাম ও জন্মের তারিখ প্রকাশ্যে আনেন তাঁরা। অনুভূতি প্রকাশ করে আদিত্য লেখেন, “আমাদের জীবন আরও উজ্জ্বল করতে দুই একরত্তি হাজির। আমাদের হৃদয় এখন ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”

কঠিন আইভিএফ (IVF) সফর

সন্তানদের আগমনের পেছনে রয়েছে অনুষ্কার এক কঠিন লড়াইয়ের পথচলা। অনুষ্কা জানান, ২০২৩ সাল থেকে তাঁরা পরিবার শুরুর কথা ভাবছিলেন এবং বোন আকাঙ্ক্ষা রঞ্জনের পরামর্শে প্রথম চিকিৎসকের দ্বারস্থ হন। পরবর্তীতে আইভিএফ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে গিয়ে তাঁকে অন্তত ১৫০টি ইঞ্জেকশন নিতে হয়েছিল, যা ছিল শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণাদায়ক। এই কঠিন সময়ে প্রতিনিয়ত তাঁর পাশে থেকে সাহস জুগিয়েছেন আদিত্য।

পরিচয় থেকে পরিণতি

২০১৭ সালের ২৬ জুন অনুষ্কার স্বেচ্ছাসেবী সংস্থার একটি অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ হয় আদিত্য ও অনুষ্কার। সেখান থেকেই সম্পর্কের সূচনা। দীর্ঘ দিন প্রেম করার পর ২০২১ সালের নভেম্বরে মুম্বইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। চলতি বছরের শুরুর দিকে মাতৃত্বকালীন ফটোশুটের মাধ্যমে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান তাঁরা।